জাতীয় গ্রিডে ত্রুটি, আশুগঞ্জের ২ ইউনিট বন্ধ, সরবরাহ কমেছে ৫৭০ মেগাওয়াট
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এতে শুক্রবার বিকেল থেকে জাতীয় গ্রিডে প্রায় ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে।
বন্ধ হওয়া ইউনিট দুটি হলো ৪০০ মেগাওয়াট উৎপাদন সক্ষম ইউনিট ইস্ট ও ৪৫০ মেগাওয়াট উৎপাদন সক্ষম ইউনিট নর্থ।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাঈদ একরামুল্লাহ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিলে লাইনটি বন্ধ হয়ে যায়। এতে ইউনিট ইস্টের প্রায় ২৫০ মেগাওয়াট ও ইউনিট নর্থের প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।'
মোট প্রায় ৫৭০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ইউনিট দুটি বন্ধ হওয়ার পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা সেগুলো পুনরায় চালু করার কাজ শুরু করেছেন।
বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, 'প্রয়োজনীয় সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে নর্থ ইউনিটটি চালু করা সম্ভব হবে। তবে ইস্ট ইউনিটটি চালু করতে কিছুটা সময় লাগতে পারে।'
উল্লেখ্য, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট।
তবে গ্যাস সরবরাহের ঘাটতির কারণে এই বিদ্যুৎকেন্দ্রে সাধারণত ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।