বিভ্রান্ত করবেন না, সঠিক পরিকল্পনা আনুন বাস্তবায়ন করব: বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

জনগণকে বিভ্রান্ত না করে দেশের উন্নয়নে বিরোধী দলকে সঠিক পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'রাস্তায় ভাঙচুরের বিশৃঙ্খলা তৈরির দিন শেষ। সেই রাজনীতি শেষ। বক্তব্য দেওয়া খুব সহজ কাজ, সমালোচনা করা সহজ কাজ। যদি মুরোদ থাকে আসুন শার্টের হাতা গুটিয়ে মাঠে নামুন, মানুষের জন্য কাজ করুন। কিন্তু এমন কোনো কথা বলবেন না, যা বললে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। এমন কোনো কাজ করবেন না যা করলে বিশৃঙ্খলা তৈরি হয়।'

'স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৭ বছর আমাদের নেতাকর্মীরা এই রাজপথে টিকে ছিল। আর যারা আজ বড় বড় গলা উঁচিয়ে কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে গত ১৭ বছর মানুষ আপনাদের রাজপথে দেখতে পায়নি,' বলেন তিনি।

বিরোধী দলকে 'বিভ্রান্তির রাজনীতি' থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 'সত্যিকার জনগণের কাজ হতে পারে, দেশ এগিয়ে যেতে পারে—এরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, তাহলে উপস্থাপন করুন, সংসদে আনুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, বাস্তবসম্মত হয়, দেশ ও মানুষের উপকারে আসে অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব।'

তিনি বলেন, 'এই রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি মনে করেন জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা সমাধানে সরকারের থেকে ভালো কোনো পরিকল্পনা তারা যদি নিয়ে আসতে পারেন...যে পরিকল্পনায় আগামী তিন মাস না হোক ছয় মাসের মধ্যে সমাধান হতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব।'

'আর যদি তারা শুধু জনগণকে বিভ্রান্ত করার জন্য, এসব কথা বলে থাকে, তাহলে অবশ্যই তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ, একজন রাজনীতিবিদের কাজ নয় জনগণকে বিভ্রান্ত করা। একজন রাজনীতিবিদ হিসেবে জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই হচ্ছে কাজ। বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যার রাজনীতি স্বৈরাচার করে গেছে,' বলেন প্রধানমন্ত্রী।

'বিএনপি জনগণের কাজ করার জন্য কাজ করছে' জানিয়ে তিনি বলেন, 'বিএনপির পরিকল্পনা আছে দেশের জ্বালানি সমস্যার সমাধান করা। আগামী ২৭ আগস্ট সংসদের অধিবেশন শুরু হলে জ্বালানি সমস্যা নিয়ে আগামী ১০ বছরের পরিকল্পনা আমরা উপস্থাপন করব।'