৭ মাস পর চালু বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-৩

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রায় সাত মাস বন্ধ থাকার পর বুধবার বিকেলে আবার চালু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে জানান, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর বিকেল ৫টা ৪৬ মিনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এবং জাতীয় গ্রিডে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

তিনি বলেন, ‘ধীরে ধীরে উৎপাদন পূর্ণ সক্ষমতায় উন্নীত করা হবে।’

এর আগে গত বছরের ১৯ অক্টোবর একাধিক যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে গত ৭ মে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে ঘন ঘন বিভ্রাটে পড়া ইউনিট-১। বর্তমানে জাতীয় গ্রিডে প্রায় ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে এটি।

ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এখন জাতীয় গ্রিডে গড়ে প্রায় ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।

প্রধান প্রকৌশলী জানান, ২০২০ সাল থেকে বন্ধ থাকা ইউনিট-২ সংস্কারের জন্য একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

বিষয়টি চূড়ান্ত হলে আগামী কয়েক মাসের মধ্যেই সংস্কার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ইউনিট-১ ও ইউনিট-২ এর প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট।