‘বিশ্বকাপ ইতিহাসের এক কালো অধ্যায়’, ক্ষোভে ফুঁসছে ইরান

স্পোর্টস ডেস্ক

মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের লড়াইটাই বেশি কঠিন হয়ে উঠেছে ইরানের জন্য। ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের পর এবার প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্রে যে ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে, তা বিশ্বকাপের ইতিহাসে 'একটি কালো অধ্যায়' হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়াত মোমবেনি।

ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর ঘোষণা দেওয়ার একদিন পর মেক্সিকোর তিজুয়ানায় দলের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোমবেনি। তার অভিযোগ, ভ্রমণসংক্রান্ত বাধার কারণে দলের প্রস্তুতি ব্যাহত হচ্ছে এবং এটি প্রতিযোগিতার ন্যায্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে।

মোমবেনি বলেন, 'এটি একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমাদের নিয়ম ও চুক্তিগুলো যেভাবে লঙ্ঘন করা হচ্ছে, তাতে আমার মনে হয় ফুটবলকেই প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। আমি বিশ্বাস করি, বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসে এটি একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।'

রোববার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ইরান। স্থানীয় সময় দুপুরে ম্যাচটি শুরু হবে বলে দলটি দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েছিল, যাতে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ পায়। ইরানের দাবি, বেলজিয়াম ইতোমধ্যে ম্যাচের দুই দিন আগে ক্যালিফোর্নিয়ায় যাওয়ার সুযোগ পেলেও তাদের একই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

তবে এই অভিযোগ মানতে নারাজ যুক্তরাষ্ট্র প্রশাসন। হোয়াইট হাউসের ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগেই ইরানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা শুধুমাত্র ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

জুলিয়ানি বলেন, 'দলটিকে ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ ম্যাচের আগের দিন তারা আসতে পারবে।'

ফিফার বিশ্বকাপ বিধিমালায় বলা আছে, দলগুলো সাধারণত ম্যাচের আগের দিন ভেন্যু শহরে পৌঁছাবে। তবে 'বিশেষ পরিস্থিতিতে' দুই দিন আগেও ভ্রমণের অনুমতি দেওয়া যেতে পারে। সেই নিয়মের প্রসঙ্গ টেনে আয়োজকদের তীব্র সমালোচনা করেন মোমবেনি।

তার ভাষায়, 'নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে। আমার মনে হয় জুলিয়ানির অনেক আগেই এই নিয়মগুলো অধ্যয়ন করা উচিত ছিল। যারা ফিফার নিয়ম বাস্তবায়ন করতে পারে না, তাদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া উচিত নয় এবং ফিফারও তাদের স্বাগতিক হিসেবে নির্বাচন করা উচিত নয়। 

'আমার মতে, তার আরও আগে নিয়মগুলো জানা উচিত ছিল, ইরান দলের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা উচিত ছিল এবং এই সমস্যাগুলো তৈরি করা উচিত হয়নি,' যোগ করেন তিনি।