ফিফা বিশ্বকাপ ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে বিবেচনা করছে হোয়াইট হাউজ

স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপে শুরু থেকে সবচেয়ে আলোচিত বিষয় বোধ হয় ইরান ফুটবল দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা। ম্যাচের আগের দিন মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ খেলে আবার সেদিনই মেক্সিকোতে ফিরে যেতে হবে, এমন নিয়মের বেড়াজালে ইরানকে বেঁধে রেখেছে যুক্তরাষ্ট্র। এটি নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনার পর এবার জানা গেলো, ইরানের ওপর কার্যকর এই নিষেধাজ্ঞা শিথিল করা যায় কি না সেটি পুনর্বিবেচনা করছে হোয়াইট হাউজ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচের আগে ইরানের এই ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা যায় কি না সে ব্যাপারে আলোচনা চলছে। হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি বিবিসিকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন। 

গ্রুপ পর্বে ইরানের প্রথম দুই ম্যাচ লস অ্যাঞ্জেলেসে। গিউলিয়ানি বলেছেন, মেক্সিকো থেকে ইরানের ভেন্যুতে আসতে মাত্র ৩০ মিনিট সময় লাগে, ম্যাচের আগের দিন আসার সিদ্ধান্ত তাই অযৌক্তিক নয়। তবে সিয়াটলে যেতে যেহেতু তিন ঘণ্টার মতো সময় লাগতে পারে, তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। 

সিয়াটলের এক স্থানীয় সংবাদ মাধ্যম কোমো টিভি নিউজের সাথে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘উদারতা’কে প্রশংসায় ভাসিয়েছেন গিউলিয়ানি, ‘প্রেসিডেন্ট চান আমাদের জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে কীভাবে সব দলকে সমান প্রতিযোগিতার সুযোগ দেয়া যায় সেটি নিশ্চিত করতে। আমরা চাই ইরান দলও সেই সুযোগ পাক। এখন পর্যন্ত ইরানের জন্য আমরা যেটুকু করেছি সেটা দুর্দান্ত। আর এর কৃতিত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনিই ইরানকে যুক্তরাষ্ট্রে এসে বিশ্বকাপে খেলার অনুমতি দিয়েছেন’। 

এদিকে ইরান বলছে, পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিতের স্বার্থে ম্যাচের অন্তত দুইদিন আগে আয়োজক শহরে তাদের আসতে দেয়া উচিত, এবং ম্যাচের পরদিন মেক্সিকোতে বেসক্যাম্পে ফেরত যেতে দেয়া উচিত। বিবিসিকে তারা বলেছে, ‘ইরান ফুটবল ফেডারেশন মনে করে এই ধরণের নিষেধাজ্ঞা সব দলকে সমান সুযোগ দেয়ার নীতিমালার সাথে সাংঘর্ষিক, এবং এতে করে দলগুলোর প্রস্তুতি বাধাগ্রস্ত হতে পারে। আমরা আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে আমাদের অসন্তোষের ব্যাপারে জানাব এবং অভিযোগ জানাব’।

আগামীকাল লস অ্যাঞ্জেলেসে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করেছিল ইরান।