ইনফান্তিনোকে সরালে ‘ভয়াবহ ভুল’ হবে, বললেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যখন তুঙ্গে, তখন তার পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরানোর কোনো চিন্তা করা হলেও সেটিকে ‘ভয়াবহ ভুল’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইনফান্তিনোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। ফিফা সভাপতিকে ‘দারুণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে।

‘ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তাও করে, তাহলে সেটা হবে ভয়াবহ ভুল। তিনি অসাধারণ এবং তার নেতৃত্বে ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে, যা আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে চার গুণ বেশি সফল,’ বলেন ট্রাম্প।

ইনফান্তিনোকে সরিয়ে দিলে ভবিষ্যতে বিশ্বকাপ আর আগের মতো সফল বা লাভজনক হবে না বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘তিনি চলে গেলে বিশ্বকাপ আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না।’

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ পরিকল্পনা এবং কর্মক্ষেত্রে এক নারীর সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র চাপে রয়েছেন ইনফান্তিনো। তবে ফিফা সভাপতি নিজে এসব অভিযোগে কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন।

ইনফান্তিনোর পক্ষে ফিফাও অবস্থান নিয়েছে। সংস্থাটি এর আগে অভিযোগ করেছিল, পরিকল্পিত বাণিজ্যিক উদ্যোগকে কেন্দ্র করে ফিফা ও তার সভাপতিকে দুর্বল করার জন্য ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ চলছে।

আগামী মার্চে ফিফা সভাপতির নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামবেন ইনফান্তিনো। এমন পরিস্থিতিতে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তৃপক্ষের অবস্থান ভিন্ন। এরই মধ্যে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি ফুটবল সংস্থা।

অবশ্য ইনফান্তিনোর পাশে শুধু ট্রাম্পই নন। আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলও তার প্রতি সমর্থন জানিয়েছে। ফলে নির্বাচনের আগে ইনফান্তিনোকে ঘিরে ফুটবল বিশ্বে সমর্থন ও বিরোধিতার বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে।