প্রথমবার সিঙ্গাপুর? ঘোরা শুরু করতে পারেন এই ৭ জায়গা থেকে

ফারিয়া নওশিন তাজিন

যদি আপনি দর্শনীয় স্থান ঘুরে দেখতে ভালোবাসেন এবং পাশাপাশি প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চান, তবে একবার অবশ্যই সিঙ্গাপুর ভ্রমণে যাওয়া উচিত। এখানে ভ্রমণ করলে এক ধরনের তৃপ্তি অনুভব করবেন, আর আপনার মনে হবে—বাস্তবে কি সত্যিই এত সুন্দর জায়গা হতে পারে!

সিঙ্গাপুর ভ্রমণে এই ৭টি জায়গা অবশ্যই ঘুরে দেখা উচিত; অভূতপূর্ব সৌন্দর্যের আধার এই স্থানগুলো আপনার অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মরণীয়।

Singapore
ছবি: সংগৃহীত/ কেলভিন জিটেঙ/ আনস্প্ল্যাশ

মেরিনা বে স্যান্ডস স্কাইপার্ক

প্রথমেই বলতে হয়, সিঙ্গাপুরের বহুল পরিচিত এই জায়গাটিই পুরো বিশ্বের কাছে শহরটিকে বিশেষভাবে পরিচিত করে তুলেছে। কেন এমনটা বলছি? আপনি যদি একবার স্কাইপার্কে দাঁড়িয়ে চারপাশটা দেখেন, উত্তরটি নিজেই পেয়ে যাবেন।

কাঁচে ঘেরা এই স্কাইপার্কটি অনেকটা গ্যালাক্সির মতোই দ্যুতিময় মনে হয়। এর পাশ দিয়ে বয়ে চলা মেরিনা বেতে ভেসে চলে অসংখ্য নৌকা। সন্ধ্যা নামতেই শহরটি যেন নানা আলোকসজ্জায় সেজে ঝলমলে হয়ে ওঠে।

স্কাইপার্কের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ইনফিনিটি পুল, যার সৌন্দর্য এক কথায় অসাধারণ। কল্পনা করুন, আপনি ৫৭তলা একটি ভবনের চূড়ায় অবস্থিত একটি পুলে স্নিগ্ধ, শীতল জলে গা ভাসিয়ে অবকাশ যাপন করছেন—এমন অভিজ্ঞতা নিঃসন্দেহে আপনার স্মৃতিতে অবিস্মরণীয় হয়ে থাকবে।

পুলে সাঁতার কাটতে না চাইলে ডেকে আপনার পছন্দ অনুযায়ী রিজার্ভেশন কনফার্ম করে সন্ধ্যাবেলায় সূর্যাস্তের দারুণ দৃশ্য উপভোগ করতে পারেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শহরটি ঝলমলে আলোকসজ্জায় এক জাদুকরি রূপ ধারণ করে। আর স্কাইপার্ক থেকে সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি সহজেই উপলব্ধি করতে পারবেন—কেন এই শহরটি এত বিখ্যাত।

Singapore
ছবি: সংগৃহীত/ ক্রিস জনসন/ আনস্প্ল্যাশ

গার্ডেন্স বাই দ্য বে

এই জায়গায় প্রবেশ করলেই আপনার মনে হবে যেন আপনি কোনো সায়েন্স ফিকশন সিনেমার জগতে চলে এসেছেন। কিন্তু না, আপনি বাস্তব জগতেই আছেন! চারপাশে অর্কিড ফুলের মৃদু সুগন্ধ ভেসে আসে, যা পরিবেশটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে।

রাত নামার সঙ্গে সঙ্গে এখানে শুরু হয় লাইট ও মিউজিক শো। তখন সুপারট্রি গ্রোভগুলো; বড় বড় গাছের আদলে তৈরি এই অনন্য কাঠামোগুলো এক অদ্ভুত সুন্দর রূপ ধারণ করে। পুরো পরিবেশটাই যেন রঙিন এবং মোহনীয় হয়ে ওঠে।

অন্যদিকে, ফ্লাওয়ার ডোম ও ক্লাউড ফরেস্টে প্রায় ৩৫ মিটারজুড়ে বিস্তৃত একটি বিশাল ইনডোর ঝরণাধারা রয়েছে। পাহাড় বেয়ে নেমে আসা শীতল বাতাস পুরো ইকোসিস্টেমটিকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে, যা অভিজ্ঞতাকে আরও বাস্তব ও প্রাণবন্ত করে তোলে।

এই জায়গাটি যেন আমাদের ‘অ্যাভাটার’ সিনেমার সেই অসাধারণ দৃশ্যগুলোর কথা মনে করিয়ে দেয়। সব মিলিয়ে, এটি একটি জীবন্ত উদাহরণ—যেখানে বোঝা যায়, প্রযুক্তিগতভাবে এগিয়ে গিয়েও কীভাবে প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলা সম্ভব।

দর্শনার্থীদের বিনোদন, মানসিক প্রশান্তি এবং এক ভিন্নধর্মী অভিজ্ঞতা দেওয়ার উদ্দেশ্যেই এই স্থানটি নির্মিত হয়েছে। এখানে সন্ধ্যার লাইট ও মিউজিক শো অবশ্যই উপভোগ করা উচিত। মনোমুগ্ধকর আলোকসজ্জায় সজ্জিত গাছগুলো তখন যেন একেকটি জীবন্ত, দ্যুতিময় আকর্ষণে পরিণত হয়—পুরো পরিবেশটাই কনসার্টের আবহ তৈরি করে।

সিঙ্গাপুরে ভ্রমণের সময় ছবি তোলার জন্যও এটি একটি চমৎকার স্থান।

Singapore
ছবি: সংগৃহীত/ আমির/ আনস্প্ল্যাশ

সেন্টোসা আইল্যান্ড ও ইউনিভার্সাল স্টুডিওস

সিঙ্গাপুরের সেন্টোসা আইল্যান্ডকে নিঃসন্দেহে বিনোদনের এক ‘অল-ইন-ওয়ান’ গন্তব্য বলা যায়। আপনার বিনোদনের জন্য কী নেই এখানে; সমুদ্র সৈকত, থিম পার্ক, কেবল কার রাইড কিংবা অবকাশ যাপনের জন্য বিলাসবহুল রিসোর্ট—সবকিছুই একসঙ্গে পাওয়া যায় এই দ্বীপে।

এখানে এসে এক মুহূর্তের জন্যও মন খারাপ বা বিরক্ত লাগার সুযোগ যেন নেই। সময় কীভাবে কেটে যায়, তা টেরই পাওয়া যায় না। হয়তো আপনি ভেবেছিলেন অল্প কিছু সময় কাটাবেন। কিন্তু এখানে এসে সেই পরিকল্পনা বদলে যাওয়া স্বাভাবিক। সেই অল্প সময়ই পরিণত হতে পারে পুরো একটি দিন, এমনকি কয়েক দিনেও।

ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে, শহর থেকে খুব বেশি দূরে না গিয়েও নিরিবিলি ও নিশ্চিন্তে দারুণ সময় কাটাতে চাইলে সেন্টোসা আইল্যান্ড নিঃসন্দেহে একটি চমৎকার গন্তব্য।

ইউনিভার্সাল স্টুডিওসকে ভ্রমণপিপাসুদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সিঙ্গাপুরে ভ্রমণে এলে জনপ্রিয় এই স্থানটি প্রায় প্রতিটি দর্শনার্থীর তালিকায় অবশ্যই থাকে।

এখানে ঘোরার পরিকল্পনাটি এমনভাবে সাজানো যেতে পারে—সারাদিন ইউনিভার্সাল স্টুডিওসে ঘোরাঘুরি ও বিভিন্ন রাইড উপভোগ করার পর বিকেলের দিকে সমুদ্র সৈকতে গিয়ে কিছুটা সময় আরাম করে কাটানো। এরপর সমুদ্রের বুকে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের মাধ্যমে দিনটির সুন্দর সমাপ্তি টানা যেতে পারে।

Singapore
ছবি: সংগৃহীত/ জেরেমি কোক/ আনস্প্ল্যাশ

পুলাউ উবিন

সিঙ্গাপুরের ব্যস্ত শহুরে জীবন থেকে দূরে, প্রশান্তির এক অপূর্ব ঠিকানার নাম পুলাউ উবিন। এখানে নেই কোনো উঁচু দালান কিংবা ঝলমলে শপিং মল; বরং প্রকৃতির কোলে আঁকাবাঁকা সরু মেঠোপথ, কাঠের ছোট ছোট ঘরবাড়ি আর নির্জন পরিবেশ আপনাকে দেবে এক ভিন্ন অনুভূতি।

পুলাউ উবিনে যেতে হলে নৌকায় চড়তে হয়, আর ছোট্ট একটি যাত্রা পেরোলেই পৌঁছে যাবেন এই মনোমুগ্ধকর দ্বীপে।

অনেক পর্যটকই জায়গাটি সম্পর্কে না জানার কারণে এমন একটি সুন্দর অভিজ্ঞতা থেকে বঞ্চিত হন। এখানে গিয়ে আপনি চাইলে সাইকেল ভাড়া নিয়ে দ্বীপের বিভিন্ন আকর্ষণীয় স্থান ঘুরে দেখতে পারেন, যেমন কেতাম মাউন্টেন বাইক পার্ক, জেটুলং ব্রিজ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল।

ভ্রমণ মানেই যে সবসময় ব্যস্ত ও জনবহুল জায়গায় ঘোরা, তা নয়। কখনো কখনো শান্ত, নিরিবিলি প্রকৃতির মাঝেও খুঁজে পাওয়া যায় প্রকৃত প্রশান্তি। আর সেই অভিজ্ঞতা উপভোগ করার জন্য পুলাউ উবিন নিঃসন্দেহে একটি আদর্শ স্থান।

Singapore
ছবি: সংগৃহীত/ অ্যামোস লি/ আনস্প্ল্যাশ

হাজি লেন ও ক্যাম্পং গ্ল্যাম

হাজি লেন খুবই ছোট পরিসরের একটি জায়গা হলেও পর্যটকদের জন্য এটি দারুণ কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেয়। চারপাশজুড়ে রঙিন ও প্রাণবন্ত পরিবেশ, সৃজনশীলতায় ভরপুর স্ট্রিট আর্ট—সব মিলিয়ে জায়গাটি এক অনন্য আবহ তৈরি করে। এখানে রয়েছে চমৎকারভাবে সাজানো কিছু কফিশপ, ছোট ছোট দোকান, যেখানে তুলনামূলক সাশ্রয়ী দামে বিভিন্ন পণ্য পাওয়া যায়। আশেপাশে হালকা মিউজিক বাজতে থাকে, যা দারুণ একটা আবহ তৈরি করে।

এক কাপ কফি হাতে এখানে নিরিবিলি কিছু সময় কাটানো যায়, আবার বিকেলবেলায় টুকিটাকি কেনাকাটা করতে করতেও উপভোগ করা যায় ভিন্নধর্মী সংস্কৃতির ছোঁয়া। সব মিলিয়ে হাজি লেন ও ক্যাম্পং গ্ল্যামের বন্ধুসুলভ পরিবেশে কাটানো সময় হয়ে ওঠে সত্যিই উপভোগ্য।

অনেক সময়ই দেখা যায়, দর্শনার্থীরা ক্যাম্পং গ্ল্যামের সমৃদ্ধ ঐতিহ্য উপভোগ না করেই শুধু হাজি লেন ঘুরে ফিরে যান। অথচ আপনি যদি আর একটু সামনে এগিয়ে যান, তাহলে চোখে পড়বে মালায় হেরিটেজ সেন্টার এবং ঐতিহ্যবাহী সুগন্ধির মনোমুগ্ধকর কিছু দোকান।

এ ছাড়া, সুলতান মসজিদে নামাজের সময় ছাড়া অন্য সময়ে গেলে ভিড় তুলনামূলক কম থাকে। তখন সেখানে কিছুটা নিরিবিলি সময় কাটানো যায়, যা মনে এনে দেয় এক ধরনের প্রশান্তি।

সব মিলিয়ে, জায়গাটির পরিবেশ অত্যন্ত বন্ধুসুলভ হলেও এখানে পর্যটকের ভিড় খুব বেশি থাকে না। দুঃখজনকভাবে, অনেকেই এই জায়গার প্রকৃত সৌন্দর্য ও ঐতিহ্য গভীরভাবে উপভোগ না করে শুধু ছবি তুলে চলে যান।

হাও পার ভিলা

সিঙ্গাপুরের আরেকটি ব্যতিক্রমধর্মী দর্শনীয় স্থান হলো হাও পার ভিলা, যা সম্পর্কে অনেক পর্যটকই এখনো অবগত নন। স্থানীয়দের কাছ থেকে এই জায়গা নিয়ে জানা যায় নানা গল্প, এমনকি রয়েছে কিছু রহস্যময় দিকও।

অন্যান্য পর্যটনকেন্দ্রের তুলনায় এই স্থানটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা দেয়। এখানে প্রচলিত রয়েছে বিভিন্ন চীনা ঐতিহাসিক উপকথা, নৈতিক শিক্ষার গল্প এবং পৌরাণিক কাহিনি—যা পর্যটকদের মনে এক ধরনের কৌতূহলের সৃষ্টি করে।

এখানকার ‘টেন কোর্টস অব হেল’ জায়গাটি বেশ অদ্ভুত, যা পর্যটকদের মনে কৌতূহল জাগায়। এখানে প্রবেশের জন্য কোনো ফি নেই, তবুও জায়গাটি খুব বেশি জনসমাগমপূর্ণ নয়। বিশেষ করে যারা ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য এটি অবশ্যই ভ্রমণযোগ্য একটি স্থান।

এই জায়গাটি সিঙ্গাপুরের এক ভিন্ন ও অজানা দিক তুলে ধরে। এটি প্রমাণ করে যে সিঙ্গাপুর শুধু একটি আধুনিক নগরীই নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে রহস্যময় ও সমৃদ্ধ ঐতিহ্যের এক অনন্য জগৎ।

Singapore
ছবি: সংগৃহীত/ লিলি ব্যানসে/ আনস্প্ল্যাশ

চায়না টাউন

এবার আসা যাক চায়না টাউনের কথায়, রঙিন ও প্রাণবন্ত এক এলাকা, যেখানে আধুনিকতা ও ঐতিহ্যের দারুণ মিশেল দেখা যায়। রাস্তায় বেরোলেই চারপাশজুড়ে চোখে পড়ে ব্যস্ততার ছাপ, আর নাকে ভেসে আসে নানা রকম সুস্বাদু খাবারের লোভনীয় গন্ধ। পাশাপাশি রয়েছে অসংখ্য স্যুভেনির শপ, যা ভ্রমণকে করে তোলে আরও আকর্ষণীয়।

এই জায়গাটি ঘুরে দেখার জন্য আলাদা করে বিশেষ কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। একবার বাইরে বেরোলেই চায়না টাউন যেন নিজেই আপনার ট্যুর গাইড হয়ে ওঠে, আপনাকে নানা পথের দিশা দেখিয়ে দেবে, যা আপনার ভ্রমণকে আনন্দময় ও রোমাঞ্চকর করে তুলবে।

রাত নামার সঙ্গে সঙ্গে হরেক রকম বাতি আর নিয়ন আলোর ঝলকানিতে চারপাশ আরও বেশি সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। যারা শহুরে জীবনের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য ধীরে সুস্থে হাঁটাহাঁটি করে চারপাশ ঘুরে দেখা, মানুষের জীবনযাত্রা অনুভব করা এবং নানা রকম লোভনীয় খাবারের স্বাদ নেওয়ার জন্য সিঙ্গাপুরের চায়না টাউন নিঃসন্দেহে একটি চমৎকার গন্তব্য।

সিঙ্গাপুর এমন একটি জায়গা, যেখানে গেলে আধুনিকায়ন, সংস্কৃতি ও প্রকৃতির এক দারুণ সমীকরণ চোখে পড়ে, যেখানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এই শহরটি অত্যন্ত পরিচ্ছন্ন, আর সবকিছুই যেন পরিপাটি করে সাজানো। নিরাপত্তা নিয়েও তেমন চিন্তা করতে হয় না, তাই এখানে ভ্রমণ আপনাকে নির্ভারভাবে উপভোগ করার সুযোগ দেয়।

অনুবাদ করেছেন শবনম জাবীন চৌধুরী