দ. কোরিয়ার অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
দক্ষিণ কোরিয়ার হানহোয়া অ্যারোস্পেস নামের প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার স্থানীয় দমকল বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
সিউল থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দায়জেওন এলাকায় অবস্থিত কারখানায় বিস্ফোরণের ঘটনা সম্পর্কে স্থানীয় সময় সকাল ১১টার দিকে কর্তৃপক্ষকে জানানো হয়।
দায়জেওন দমকলবাহিনীর প্রতিনিধি এএফপিকে বলেন, পাঁচ ব্যক্তি নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
তবে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার ভেতরেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
হানহোয়া অ্যারোস্পেস দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের অন্যতম। তারা অস্ত্র, কামান ও উড়োজাহাজের যন্ত্রাংশ তৈরি করে থাকে।
দায়জেওন কারখানাটি মূলত গবেষণা ও উন্নয়নমূলক কাজে ব্যবহার হয়। এখানে অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি ও মহাকাশ সংক্রান্ত যন্ত্রাংশ তৈরি করা হয়।
হানহোয়ার প্রতিনিধি এএফপিকে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এখনো আগুন পুরোপুরি নেভানোও সম্ভব হয়নি।’
ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং কর্মকর্তাদের দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন।
