২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে লিড নিল বাংলাদেশ
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার উপলক্ষ দারুণভাবে রাঙাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারার স্টেডিয়ামে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ওপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। হাতে ৮ উইকেট রেখে অজিদের প্রথম ইনিংসের সংগ্রহ ছাপিয়ে ইতোমধ্যে লিড আদায় করে নিয়েছে তারা।
শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারটি করেন মিচেল স্টার্ক। তার দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চমৎকার শটে চার মারেন সাবলীল ঢঙে খেলতে থাকা তানজিদ হাসান তামিম। এতে সংগ্রহ দুইশ স্পর্শ করার পাশাপাশি লিড পেয়ে গেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখার সময়, প্রথম ইনিংসে সফরকারীদের রান ৬১ ওভারে ২ উইকেটে ২২২। লিড বেড়ে হয়েছে ২৪ রান। তাদের হাতে রয়েছে ৮ উইকেট। প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামা অজিদের মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাস নিয়ে ওপেনার তানজিদ ক্রিজে আছেন ১৭৫ বলে ৯৬ রানে। তার পাশাপাশি দায়িত্বশীল ব্যাট করতে থাকা শান্ত খেলছেন ৬৯ বলে ৪৬ রানে। শুরুতে নিজেকে গুটিয়ে রাখলেও বাংলাদেশের অধিনায়ক ক্রমেই ইতিবাচক হয়ে উঠেছেন। তানজিদ ও শান্তর অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটির রান ৮৪ রান।
উইকেট থেকে খুব বেশি সুবিধা মিলছে না বোলারদের। তাই স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও ন্যাথান লায়নের মতো তারকা বোলার থাকা সত্ত্বেও চাপে পড়েছে অস্ট্রেলিয়া। তাদের দারুণভাবে সামলে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ দল।


