তানজিদের সেঞ্চুরি ও শান্তর ফিফটি, টানা পাঁচ সেশন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

ডারউইন টেস্টে এখন পর্যন্ত হয়েছে পাঁচটি সেশন। সবকটিতেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ। ফলে নিজেদের মাটিতেই চাপে পড়ে গেছে প্যাট কামিন্সের দল।

এই প্রতিবেদন লেখার সময়, শুক্রবার মারারা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭৮ ওভারে ৩ উইকেটে ২৮৬ রান। হাতে ৭ উইকেট নিয়ে প্রথম ইনিংসে তাদের লিড এখন ৮৮ রানের। এর আগে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে দিয়েছিল তারা।

আগের দিনের ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল। প্রথম সেশনে অভিজ্ঞ মুমিনুল হকের (৯৫ বলে ৪৯ রান) উইকেট হারিয়ে তারা ২৭ ওভারে আনে ৮৫ রান। দ্বিতীয় সেশনেও পতন হয়েছে কেবল একটি উইকেটের।

মধ্যাহ্ন বিরতির পর ইতিহাসগড়া সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম (১৯৭ বলে ১০১ রান)। এই সেশনেও ২৭ ওভার খেলা হলেও সফরকারীদের রান তোলার গতি ছিল চোখে পড়ার মতো। তারা যোগ করেছে আরও ১০৫ রান।

অনবদ্য ইনিংস খেলে তানজিদ অফ স্পিনার ন্যাথান লায়নের শিকার হওয়ার পর বাংলাদেশকে টানছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাদের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৭৫ বলে ৫৫ রান।

ফিফটি তুলে নিয়ে সাবলীল ব্যাটিংয়ে ১১৪ বলে সাতটি চার ও একটি ছয়ে ৭৯ রানে খেলছেন শান্ত। ইতিবাচক মেজাজে ব্যাট করছেন বাংলাদেশের সফলতম টেস্ট ব‍্যাটার মুশফিকও। ৩৫ বলে চারটি চারের সাহায্যে তিনি অপরাজিত আছেন ২৬ রানে।

এই টেস্টের শুরু থেকেই ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশ উজ্জ্বল থাকায় চাপের মধ্যে রয়েছে স্বাগতিকরা। উইকেট থেকে যেমন সহায়তা মিলছে না, তেমনি অজি বোলাররাও নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছেন না।

ইতোমধ্যে সাত বোলার ব্যবহার করেছেন অধিনায়ক কামিন্স। হাত ঘুরিয়েছেন অনিয়মিত স্পিনার ট্রাভিস হেডও। মরিয়া হয়ে উইকেটের খোঁজে থাকা অস্ট্রেলিয়া এখন তাকিয়ে দ্বিতীয় নতুন বলের দিকে।