সিলেটে আহত সেই হাতিটিকে বাঁচানো গেল না
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আহত সেই হাতিটি মারা গেছে।
আজ সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'উদ্ধারের পর হাতিটি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।'
উপজেলার শিববাড়ি এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে প্রগতি ফিলিং স্টেশন সংলগ্ন খাদে পড়ে যাওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর গতকাল হাতিকে উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাত ১০টার দিকে হাতিটি খাদে পড়ে গিয়েছিল। বন বিভাগের ধারণা, কোনো ট্রেনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে হাতিটি খাদে পড়ে গিয়েছিল। তবে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানিয়েছিলেন, ট্রেনের ধাক্কায় হাতি আহত হওয়ার খবর শোনা গেলেও রেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এমন কোনো দুর্ঘটনার তথ্য পায়নি।
আহত হাতির চিকিৎসায় একটি মেডিকেল টিম গঠন করা হয়েছিল। চিকিৎসকদের ধারণা, হাতিটির পেছনের অংশের কোনো হাড় বা পায়ের হাড় ভেঙে গিয়ে থাকতে পারে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, হাতির পিঠে হাওদা ছিল। যে কারণে ধারণা করা হচ্ছে, হাতিটি পোষা। তবে এর মাহুতকে শনাক্ত করা যায়নি।
