গাজীপুর সাফারি পার্কে পরপর ২ হাতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুর সাফারি পার্কে পরপর দুই দিনে দুটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ‘রাজু বাহাদুর’ নামের হাতিটি প্রায় আড়াই মাস ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল।

আর অন্য হাতিটি দীর্ঘদিন ধরে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ভুগছিল। 

আজ বৃহস্পতিবার সকালে হোয়াটস অ্যাপে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

তিনি জানান, ৭ আগস্ট সকালে রাজু বাহাদুর এবং আগের দিন গত ৬ আগস্ট অন্য হাতিটি মারা যায়।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কের অন্য একটি হাতি আক্রমণ করে। এতে সে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে ক্রেনের সাহায্যে তাকে সরিয়ে বালুর ওপর রাখা হয়।

চিকিৎসকেরা পরীক্ষা করে দেখতে পান, এর একটি পা ভেঙে গেছে এবং অন্য পায়েও গুরুতর আঘাত রয়েছে। আহত হওয়ার পর থেকে রাজু বাহাদুর আর দাঁড়াতে পারেনি।

হাতিটির চিকিৎসায় আখসহ বিভিন্ন খাবার দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের আনা হয়।

দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের পরামর্শ ও তত্ত্বাবধানেও এর চিকিৎসা চলে।

সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, রাজু বাহাদুরের একটি পা ভেঙে যাওয়ায় সে দাঁড়াতে পারছিল না। তার শারীরিক অবস্থাও ভালো ছিল না। তাকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, ৭ আগস্ট সকালে হাতিশালায় কর্মীরা রাজু বাহাদুরকে মৃত অবস্থায় দেখতে পান। এর আগের দিন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে অসুস্থ থাকা অন্য হাতিটির মৃত্যু হয়।

পার্ক কর্তৃপক্ষ জানায়, দুটি হাতির মৃত্যুর পর তাদের দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতি দুটির মরদেহ পার্কের ভেতরেই মাটিচাপা দেওয়া হয়।

দুটি হাতির মৃত্যুর পর বর্তমানে গাজীপুর সাফারি পার্কে হাতির সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।