জাকারবার্গের ভাবনায় ‘সবার জন্য এআই’, প্রতিযোগিতায় মেটার নতুন মডেল
ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর বিধিনিষেধ কমানোর পক্ষে মত দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। একইসঙ্গে ব্যক্তিগত কম্পিউটারেও চালানো যাবে, এমন একটি নতুন এআই মডেল প্রকাশ করেছে তার প্রতিষ্ঠান।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সোমবার নতুন মডেলটি প্রকাশের পাশাপাশি এআই নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে একটি দীর্ঘ নিবন্ধ লিখেছেন জাকারবার্গ।
যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা আনা উচিত কি না, তা নিয়ে আলোচনা চলছে। একই সময়ে এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার নির্মাণ নিয়েও স্থানীয় পর্যায়ে বিরোধিতা হচ্ছে। এর মধ্যেই নতুন মডেলটি প্রকাশ করল মেটা।
জাকারবার্গ বলেন, মেটা তাদের সর্বশেষ এআই মডেলের ‘ওয়েট’ বা মডেলটি কীভাবে কাজ করবে, তার মূল কাঠামো উন্মুক্ত করবে। এর ফলে সাধারণ ব্যবহারকারীরাও মডেলটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এছাড়া ল্যাপটপে চালানো যাবে, এমন নতুন ধরনের ওপেন সোর্স এআই মডেলও প্রকাশ করবে মেটা।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জাকারবার্গ বলেন, সুপারইন্টেলিজেন্সকে কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া উচিত। এতে মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই ব্যবহার ও পরিচালনা করতে পারবে।
তার মতে, কিছু এআই প্রতিষ্ঠান মূলত কোম্পানি, সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তি তৈরি করছে। এতে ব্যক্তির বদলে প্রতিষ্ঠানগুলোর হাতে এআইয়ের ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
জাকারবার্গ আরও বলেন, প্রশিক্ষণ ডেটা ব্যবহারে বিধিনিষেধ থাকায় যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানগুলোর তুলনায় কিছু বিদেশি প্রতিষ্ঠান সুবিধা পাচ্ছে। বিদেশি ওপেন সোর্স মডেলে প্রবেশাধিকার সীমিত করা এর কার্যকর সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।
জাকারবার্গ বলেন, বিশ্বে মার্কিন ওপেন সোর্স এআই মডেলগুলোকে সেরা করে তোলাই লক্ষ্য হওয়া উচিত। এ জন্য এসব মডেলের প্রতিযোগিতার পথে থাকা বাধাগুলো দূর করতে হবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতা বাড়ছে। এর মধ্যে মেটা তাদের ডেটা সেন্টারের আশপাশের এলাকার মানুষের সরাসরি সহায়তায় একটি তহবিল চালুর ঘোষণা দিয়েছে।