ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ‘র’ প্রধানের বৈঠক

স্টার অনলাইন রিপোর্ট

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

ঢাকার সূত্রগুলো জানায়, পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসে। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে তারা সরকারি সফরে বাংলাদেশে আসেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

একজন কূটনৈতিক সূত্র দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি নিয়মিত সফর।’

তিনি বলেন, ডিজিএফআইয়ের প্রতিনিধিরা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ‘র’-এর কর্মকর্তারাও নিয়মিত বাংলাদেশে আসেন। নিরাপত্তা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ তাদের পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় করে।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করে।