মার্কিন সেনা হত্যা বা জীবিত ধরে দিতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরান
মার্কিন সেনাদের হত্যা বা জীবিত ধরে দেওয়ার বিনিময়ে ৩০ হাজার ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছে ইরানে সামরিক বাহিনী। আর এ কাজ কোনো নারী করতে পারলে পুরস্কারের অর্থ দ্বিগুণ হবে বলেও জানানো হয়।
আজ রোববার ইরানের সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির সেনাপ্রধান আমির হাতামি ইরনাকে জানান, আর্থিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিপুলসংখ্যক মানুষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের কোনো তথ্য জানা যায়নি। তবে এপ্রিলে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযানে মার্কিন সেনারা অংশ নিয়েছিল।
মার্কিন সেনাদের কোথায় বা কখন হত্যা কিংবা আটকের চেষ্টা চালানো হতে পারে—সে বিষয়ে হাতামি কোনো বিস্তারিত তথ্য দেননি।
হাতামি বলেন, ‘যে ব্যক্তি কোনো মার্কিন সামরিক সদস্যকে হত্যা বা আটক করে ইরানের কাছে হস্তান্তর করবেন, তাকে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে ৩০ হাজার ডলার সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সাহসী ইরানি নারীরা এ ধরনের কোনো কাজ করলে দ্বিগুণ পুরস্কার পাবেন।’
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল। প্রায় ৪০ দিন লড়াইয়ের পর এপ্রিলে যুদ্ধবিরতি হয়।
এরপর জুনে শান্তি আলোচনা শুরুর জন্য একটি কাঠামো তৈরি ও সমঝোতা হলেও পরে তা ভেস্তে যায়।
ইরান ও যুক্তরাষ্ট্র এরপর থেকে বিক্ষিপ্তভাবে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে।