সিলেটে খাদে পড়া পোষা হাতি ১৭ ঘণ্টা পর উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় খাদে পড়ে যাওয়া একটি পোষা হাতিকে প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের প্রচেষ্টায় আজ রোববার বিকেলে হাতিটিকে খাদ থেকে তোলা হয়।
শনিবার রাত ১০টার দিকে সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকার প্রগতি ফিলিং স্টেশনের পাশের রেললাইনের কাছে হাতিটি খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও বন বিভাগের ধারণা, কোনো ট্রেনের ধাক্কায় হাতিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ এ ধরণের কোনো ঘটনা নিশ্চিত করতে পারেনি।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, 'দুর্ঘটনার শিকার হাতিটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর একটি পরিষ্কার জায়গায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।'
ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমা স্টেশন ইনচার্জ তৌফিক আহাম্মেদ চৌধুরী জানান, খবর পেয়ে তারা বন বিভাগ ও পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে এক্সকেভেটরের সাহায্যে রশি ব্যবহার করে হাতিটিকে খাদ থেকে তোলা হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, 'সকাল থেকে ট্রেনের ধাক্কায় হাতি আহত হওয়ার খবর শোনা গেলেও রেলওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো দুর্ঘটনার তথ্য পাওয়া যায়নি।'
দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারওয়ার অভি জানান, হাতিটিকে প্রাথমিকভাবে খাদ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি বলেন, 'প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, হাতিটির পেছনের অংশের কোনো হাড় বা পায়ের হাড় ভেঙে থাকতে পারে।'