প্রধানমন্ত্রী বললেন, বাচ্চুর গান তার খুব পছন্দের: ফেরদৌস আক্তার চন্দনা
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ পেয়েছেন রুপালী গিটারের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আইয়ুব বাচ্চুর পক্ষে এই পদক গ্রহণ করেন তার সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।
পদক গ্রহণকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কিছু কথা হয় চন্দনার। এসময় ‘বাচ্চুর গান তার খুব পছন্দের’ বলে জানান প্রধানমন্ত্রী।
এ বিষয়ে চন্দনা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী বললেন, বাচ্চুর গান তার খুব পছন্দের। এসব নিয়ে একটুখানি কথা হয়েছে। যে সম্মান অনুষ্ঠানে পেয়েছি, সত্যিই অতুলনীয়। তারা যে বাচ্চুর গানের শ্রোতা ছিলেন, বুঝতে পেরেছি।’
‘এটি শুধু আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো নয়, এটি বাংলা ব্যান্ড ও সংগীতের রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে প্রধানমন্ত্রীর কাছে শিল্পীদের কপিরাইটের বিষয়টি তুলে ধরতে পারলে ভালো লাগতো’, বলেন তিনি।
এদিকে, পদক গ্রহণের পর এলআরবির ফেসবুক পেজে একটি বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আইয়ুব বাচ্চুর প্রতি এই রাষ্ট্রীয় সম্মান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তার আজীবন সংগীত সাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধা। বাংলা রকের পথচলায় তিনি যে সাহস, সততা এবং নতুনত্বের পরিচয় দিয়েছেন, তা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বমঞ্চে আলাদা পরিচয় এনে দিয়েছে। এই সম্মান প্রদানের জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাষ্ট্র যখন একজন শিল্পীর অবদানকে স্বীকৃতি দেয়, তখন তা শুধু ব্যক্তিকে নয়, পুরো সংগীতাঙ্গনকেই সম্মানিত করে। এটি নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও এক বড় অনুপ্রেরণা।