মক্কা জোট সম্প্রসারণের পরিকল্পনা আপাতত নেই: পাকিস্তান
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মক্কা প্রতিরক্ষা জোটটি ‘প্রতিরক্ষামূলক’ উল্লেখ করে আপাতত জোটটি সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
ডন জানায়, আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
সাজ্জাদ হায়দার বলেন, এই চুক্তি মূলত প্রতিরোধের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি প্রতিরক্ষামূলক জোট। বর্তমানে চুক্তি সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই।
তিনি আরও বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে আগে তাদের সংগঠন ও সহযোগিতা আরও সুসংহত করতে হবে। এরপর একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গির দেশগুলোর জন্য চুক্তিটি উন্মুক্ত করা হবে।
মুখপাত্র বলেন, তিন সদস্যরাষ্ট্র এই কাঠামোর আওতায় বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে চুক্তি সম্প্রসারণের বিষয়ে রাষ্ট্রগুলো সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, এই পর্যায়ে মক্কা চুক্তি সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।
সাজ্জাদ হায়দার বলেন, ভবিষ্যৎ বৈঠকগুলোর তথ্য ‘নিয়মিত’ জানানো হবে। তবে এর সঠিক সময় এখনো জানা যায়নি।
মুখপাত্র বলেন, চুক্তিটি এখনো গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর ‘কাঠামো, প্রক্রিয়া ও অন্যান্য বিষয়’ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি বলেন, সংগঠনের কাঠামো, প্রক্রিয়া ও কার্যপদ্ধতি চূড়ান্ত করতে এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। ভবিষ্যতের যেকোনো অগ্রগতি যথাসময়ে স্পষ্ট হবে।
৭ আগস্ট স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটির লক্ষ্য হলো—সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করা এবং কোনো একটি সদস্যরাষ্ট্রের ওপর হামলাকে সব সদস্যরাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচনা করার ক্ষমতা চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোকে দেওয়া।
গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবে একজন মহাসচিবের নেতৃত্বে জোটের একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে তিন বছরের জন্য পাকিস্তানের একজন মহাসচিব সচিবালয়টির দায়িত্বে থাকবেন।