সুসময়ে আরেকটি অর্জনের সামনে হাসান

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়া ম্যাচে বাংলাদেশ পেস আক্রমণের মূল কাণ্ডারি ছিলেন হাসান মাহমুদ। ডারউইনে বল হাতে আগুন ঝরানো পেসার দেশকে এনে দিয়েছিলেন গর্বের সময়। সম্প্রতি ইংলিশ কাউন্টিতেও আলো ছড়াচ্ছেন তিনি। ক্যারিয়ারের দারুণ সুসময়ে এবার এবার দাঁড়িয়ে আছেন আরেকটি অর্জনের দুয়ারে।

২০২৬ সালের আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটারের 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ' পুরস্কারের জন্য মনোনীত তিনজনের তালিকায় জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। এই লড়াইয়ে তার সঙ্গে আছেন শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের পেসার অলি রবিনসন।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছিলেন হাসান। ডারউইনের সেই ম্যাচে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৩ উইকেট। দুই ম্যাচ সিরিজের টেস্টে ১৯.৭৭ গড়ে মোট ৯টি উইকেট পান তিনি। ডারউইনে তার এই পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন স্মরণে রাখার মতো।

মাসসেরার লড়াইয়ে হাসানের অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার সোনাল দিনুশা। ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন এই বাঁহাতি। ১৪০ গড়ে সর্বোচ্চ ৪২০ রান সংগ্রাহক ছিলেন তিনি। সিরিজের দুই টেস্টেই হাঁকান সেঞ্চুরি (প্রথম টেস্টে ১০৩ ও দ্বিতীয় টেস্টে অপরাজিত ১৩৩)।

অন্য মনোনীত ক্রিকেটার ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টে মাত্র ৭.১৮ গড়ে ১৬টি উইকেট নেন তিনি। প্রথম টেস্টে ৮০ রানে ৮ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় টেস্টে ৩৫ রানে নেন আরও ৮ উইকেট।

তবে দেশের বাইরে ও শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোর পেছনে হাসানের এই কীর্তি আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে তাকে অনেকটাই এগিয়ে রাখবে।