জাবিতে প্রক্টরের কার্যালয়ে তালা, ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। 

ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি ধরা না পড়ায় প্রক্টর এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী ছাত্রীরা।

একই সঙ্গে প্রক্টরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আগামীকাল রেজিস্ট্রার ভবনেও তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রক্টরের কার্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এদিকে আজ দুপুরে পুলিশ সদর দপ্তরের এক ‘জরুরি জনসচেতনতামূলক বার্তায়’ ধর্ষণচেষ্টার ওই আসামির সন্ধান দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তার পরিচয় বা অবস্থানের তথ্য ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে জানানোর অনুরোধ করেছে পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে।

রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান

গত সোমবার রাতে ফজিলাতুন্নেছা হলের পাশে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত। পরদিন আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় প্রক্টরসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানান তারা।

গতরাতে সেই সময়সীমা শেষ হওয়ায় রাত দেড়টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘গত দুই বছরে ক্যাম্পাসে ঘটা বিভিন্ন ঘটনায় প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বারবার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আমরা তাদের পদত্যাগ চাই।’

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘ছাত্রীরা ক্যাম্পাসে বারবার হয়রানির শিকার হচ্ছেন। প্রক্টরের এখনই পদত্যাগ করা উচিত।’