জাহাঙ্গীরনগরে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের ওয়াশরুমের ভেতরে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজ আহমেদ (২৩)। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা। আজ মঙ্গলবার রাত ২টার দিকে টিএসসি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে।
জানা গেছে, তিনি একটি বেসরকারি ইলেকট্রনিক্স কোম্পানির শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের উপ-রেজিস্ট্রার এবং মামলার বাদী মোহাম্মদ আবু সাঈদ দ্য ডেইলি স্টারকে বলেন, অভিযোগ অনুযায়ী রাত আনুমানিক দেড়টার দিকে নারী শিক্ষার্থীরা টিএসসিতে নারীদের ওয়াশরুমের বাইরে একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পান।
সেখানে ওই ব্যক্তি কী করছেন জানতে চাইলে তার আচরণ সন্দেহজনক মনে হয় ছাত্রীদের। পরে তারা তার মোবাইল ফোন পরীক্ষা করলে সেখানে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে আটক করে রাত আড়াইটার দিকে পুলিশের কাছে হস্তান্তর করে।
আবু সাঈদ আরও বলেন, সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারায় মামলা করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু ভিত্তি পাওয়া গেছে। তবে মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার পরই চূড়ান্ত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, অভিযুক্তকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।