ময়মনসিংহ-১১

প্রকাশ্যে ব্যালটে সিল, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের একটি কেন্দ্রে গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়ার সুযোগ দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিরুনিয়া ইউনিয়নের কংশেরকূল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।  

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোট গোপনে দেওয়ার কথা। কিন্তু সেখানে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দিলেও কোনো ব্যবস্থা নেয়নি দায়িত্বরত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা। এ কারণে তাদের বরখাস্ত করে সেখানে অন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, কংশেরকূল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হচ্ছিল। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন অনেকে।

দীপালি আক্তার নামে এক নারী ভোটার দ্য ডেইলি স্টারকে জানান, ভোট কাকে দিবেন সেটা দেখতে চায় কেন্দ্রের লোকজন। হরিণ প্রতীকে সিল না দিলে বাড়ি-ঘরে ভাংচুর চালানোর হুমকি দেয় তারা।

তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মজিবুর রহমান প্রকাশ্যে ভোট দেওয়ার কথা অস্বীকার করেছেন।

কংশেরকুল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৬টি বুথ রয়েছে। মোট ভোটার ২৮৭৬ জন। এ কেন্দ্রে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৯২০ ভোট পড়ে।

ময়মনসিংহ-১১ আসনে হরিণ প্রতীকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম।