দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে: শফিকুর রহমান

স্টার অনলাইন রিপোর্ট

দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।

এর আগে দুপুর ২টার দিকে ঢাকা-১৫ আসনে প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে শফিকুর রহমান দিনশেষে জাতি একটা ভালো নির্বাচন উপহার পাবে বলে মন্তব্য করেন।

ওই ব্রিফিয়ের ঘণ্টা দুয়েক পরই জামায়াত আমির জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ তুললেন।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘গতকাল থেকেই আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে।’

‘কিন্তু, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে। নারীদের হেনস্তা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে।’

জামায়াত আমির আরও লেখেন, ‘আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।’

আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে অনুরোধ জানিয়ে শফিকুর রহমান লেখেন, ‘আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য। কিন্তু, আরও তড়িৎ পদক্ষেপ প্রয়োজন বলে দেশবাসী মনে করে।

‘আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করার উদাত্ত আহ্বান জানাই। জনগণের ভোটের আমানতকে রক্ষা করুন। জনগণের পাশে থাকুন।’