বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে
বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি নির্বাচনী এলাকায় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ উভয় আসনেই জয়লাভ করেন।
পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন (ইসি) আসনটি শূন্য ঘোষণা করে। পরে উপ-নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়।
এই আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান নির্বাচন করছেন। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে ভোটগ্রহণের কথা রয়েছে। এখানে মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৩০৯ জন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুজনিত কারণে জাতীয় নির্বাচনের আট দিন আগে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। পরে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়।
এই আসনের সাধারণ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) এক প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।
এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণের কথা রয়েছে। এখানে মোট ভোটার চার লাখ ৯ হাজার ৮০৬ জন।