কলেরা টিকা ক্যাম্পেইন: কারা পাবেন, নিবন্ধন যেভাবে
কলেরা সংক্রমণ প্রতিরোধে শুরু হয়েছে বিনামূল্যে মুখে খাওয়ার (ওরাল) টিকাদান কর্মসূচি (ওসিভি)।
আজ শনিবার থেকে প্রথম রাউন্ডের ওসিভি ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রথম রাউন্ডে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ডে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে গ্যাভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও আইএফআরসি-এর সহযোগিতায় দেশের ৫ জেলার মোট ১৪টি এলাকায় এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ বছর বা এর বেশি বয়সী সবাই বিনামূল্যে এই টিকা পাবেন। তবে অন্তঃসত্ত্বা নারীরা এ ক্যাম্পেইনের আওতার বাইরে থাকবেন।
ওরাল কলেরা টিকার প্রথম ডোজ গ্রহণের কমপক্ষে ১৪ দিন পর দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে।
টিকা পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক।
ঘরে বসে নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকেই নিবন্ধন করা যাচ্ছে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নিতে হবে। টিকা গ্রহণের সময় এই কার্ড দেখাতে হবে।
কয়েক ধাপে টিকা নিবন্ধন
ওয়েবসাইটে প্রবেশ করুন: প্রথমে নিবন্ধনের জন্য https://vaxepi.gov.bd/ লিংকে যান। এরপর ‘নিবন্ধন করুন’ ট্যাবে ক্লিক করুন। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা যাবে।
জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন
জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের ঘরে ক্লিক করলে আরেকটি উইন্ডো ওপেন হবে।
ফোন নম্বর যাচাই: এখানে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর ও প্রদর্শিত ক্যাপচা কোড লিখে দিতে হবে।
ওটিপি যাচাই: মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে পরের ‘পরিচয় যাচাই করুন’ পেজে যেতে হবে।
জন্ম তারিখ প্রদান: ‘পরিচয় যাচাই করুন’ পেজে জন্ম তারিখ দিন।
এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ঠিকানা, পাসওয়ার্ড ও ক্যাপচার ঘরগুলো উন্মুক্ত হবে। সেগুলো পূরণ করে নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শেষ করুন।
ভ্যাকসিন কার্ড ডাউনলোড: নিবন্ধন সম্পন্ন হলে কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন
জন্মতারিখ: দিন, মাস ও বছরের ঘর পূরণ করুন।
জন্ম নিবন্ধন সনদের নম্বর: ১৭ অংকের জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখুন।
লিঙ্গ নির্বাচন: নারী বা পুরুষ ঘরটি পূরণ করুন।
ক্যাপচা কোড পূরণ: প্রদর্শিত ক্যাপচা কোড লিখে তথ্য যাচাই করুন।
ভ্যাকসিন কার্ড ডাউনলোড: নিবন্ধন সম্পন্ন হলে কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
ক্যাম্পেইন চলাকালীন সময় নির্ধারিত এলাকায় বসবাসকারীদের নির্দিষ্ট টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক বা মোবাইল টিকাদান দলের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।
ক্যাম্পেইন এলাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের খিলক্ষেত, শেরে বাংলা নগর ও তেজগাঁও থানা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গেন্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর ও লালবাগ থানা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর থানা।
কিশোরগঞ্জ জেলার হোসাইনপুর, করিমগঞ্জ ও তারাইল থানা।
মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর থানা।
নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানা।