রাঙ্গামাটি ও সিলেটে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩
রাঙ্গামাটি শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটক তরুণের নাম শফিউল বশর। তিনি পুরানপাড়া বাসিন্দা আব্দুল নবীর ছেলে।
প্রিসাইডিং কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন বলেন, মো. শের আলীর নামে পুরুষ ভোটকক্ষে ভোট দিতে আসেন তিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে জাল ভোট দিতে আসার বিষয়টি স্বীকার করেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করছেন রাঙ্গামাটি পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, বর্তমানে ভোটকেন্দ্রগুলোতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণ কার্যক্রম চলমান।
পুলিশ সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশে আটক ব্যক্তিকে মোবাইল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই কিশোর জাল ভোট দিতে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন।
পুলিশ জানায়, তারা বর্তমানে পুলিশের হেফাজতে আছে। তাদের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত সিদ্ধান্ত নেবেন।

