লালমনিরহাটে ভোটকেন্দ্র এলাকায় পুলিশের পোশাক পরা নারী আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আদিতমারী উপজেলার একটি ভোটকেন্দ্র এলাকা থেকে পুলিশের পোশাক পরা এক নারীকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ভাদাই জিএস সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ জানায়, তার পরিচয় এবং কীভাবে তিনি পুলিশের পোশাক সংগ্রহ করেছেন—তা যাচাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী পুলিশের পোশাক পরে ভোটকেন্দ্রের সামনে ঘোরাফেরা করছিলেন এবং ভোটারদের সঙ্গে কথা বলছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে স্থানীয়রা তাকে আদিতমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি কেন পুলিশের পোশাক পরে কেন্দ্র এলাকায় ঘুরছিলেন এবং পোশাক কোথা থেকে পেয়েছেন—তা তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে।