নির্বাচন ‘অনন্যসাধারণ’ হয়েছে: ১১ দল

স্টার অনলাইন রিপোর্ট

‘বিপুল ভোটে’ ও ‘সর্বোচ্চ সংখ্যক’ আসনে জয়ের প্রত্যাশা রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য বলেছে, বিক্ষিপ্ত সংঘাত-অনিয়মের কিছু ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল ‘অনন্যসাধারণ’।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১১ দলের পক্ষে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তার ভাষ্য, ভোটে বিপুলসংখ্যক মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অতীতের যেকোনো সময়ের তুলনায় পরিবেশ ছিল উৎসবমুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এবাবের নির্বাচন উদাহরণ হয়ে থাকবে।

তিনি বলেন, ‘আমরা এখন গভীর আগ্রহের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে ফলাফলের অপেক্ষায় থাকব। পর্যবেক্ষণ করব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে একটানা ভোট চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোটও হয়েছে।

শেষ পর্যন্ত কত ভোট পড়ল তা জানতে আরও সময় লাগবে। তবে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে ৪৮ শতাংশের মতো ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ছাড়া ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ লেবার পার্টি।

বিকেলের সংবাদ সম্মেলনে এই দলগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।