আমরা অনন্য, এটা কোনো অহংকার নয়: স্কালোনি
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস এই জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। কণ্ঠ ভারী হয়ে যাওয়া এই কোচ বললেন, তার দল বারবার অসম্ভবকে সম্ভব করছে, আর এই দলের বিশ্বাস ও হৃদয়ই তাদের জয়ের সবচেয়ে বড় শক্তি।
আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে এসে আবেগাপ্লুত স্কালোনি বলেন, 'আমরা অনন্য। এই খেলোয়াড়রাই আমাদের জিতিয়েছে।'
কিছুক্ষণ থেমে তিনি যোগ করেন, 'আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটি আমাদের দেশ ও মানুষের জন্য অসাধারণ এক আনন্দ। সেদিনও বলেছিলাম, এই দল আমাকে বিস্মিত করা কখনো বন্ধ করে না। আজ রাতেও তারা সেটাই প্রমাণ করেছে।'
এই জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী সোমবার নিউইয়র্কে স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে তারা। জিততে পারলে আধুনিক যুগে প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা।
সেই লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা জানিয়ে স্কালোনি বলেন, 'আমরা জয়ের জন্যই মাঠে নামব এবং আমাদের সবটুকু দিয়ে লড়ব। এমন ম্যাচের পর এই খেলোয়াড়রা কী দেখিয়ে চলেছে, তা ভাষায় বোঝানো কঠিন। আমরা অনন্য, আর এটা কোনো অহংকার নয়। এই দলের অঙ্গীকার, হৃদয় আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।'
২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং একই বছরের বিশ্বকাপ, এরই মধ্যে চারটি বড় শিরোপা জিতেছেন স্কালোনি। এবারও তিনি কৃতিত্ব দিলেন নিজের খেলোয়াড়দের নিবেদনকেই।
'এই জার্সি শেষ বাঁশি পর্যন্ত সবকিছু দাবি করে। এখানে কিছুই বাঁচিয়ে রাখা যায় না। আমার খেলোয়াড়রা আবারও দেখিয়েছে, আর্জেন্টিনার প্রতিটি সমর্থকের মতো তারাও এই দায়িত্ব গভীরভাবে অনুভব করে,' বলেন স্কালোনি।
সেমিফাইনালে দ্বিতীয়ার্ধে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে বিদায়ের শঙ্কায় পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ ঘুরিয়ে দেয় স্কালোনির দল। ৮৫তম মিনিটে এঞ্জো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর যোগ করা সময়ে লিওনেল মেসির দারুণ ক্রস থেকে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ।
এই নাটকীয় জয় শুধু আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ ফাইনালে তুলেইনি, দুই দলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার আরেকটি স্মরণীয় অধ্যায়ও যোগ করেছে। এখন শিরোপা ধরে রাখার স্বপ্ন থেকে আর মাত্র এক ধাপ দূরে মেসি-স্কালোনির আর্জেন্টিনা।