যুক্তরাষ্ট্রে ভিসা অনিশ্চয়তা, ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে ফিফার বৈঠক

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে এবার সরাসরি উদ্যোগ নিয়েছে ফিফা। শনিবার ইস্তানবুলে ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার একটি প্রতিনিধি দল।

জানা গেছে, ফিফার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংস্থাটির মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম। বৈঠকের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে আশ্বাস দেওয়া।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-সম্পর্কিত সামরিক উত্তেজনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ভিসা ইস্যু এখনো পুরোপুরি সমাধান হয়নি এবং এই বৈঠক তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, 'এটি একটি নির্ধারক বৈঠক। আমাদের কিছু নিশ্চয়তা দরকার, কারণ ভিসা সমস্যা এখনো অমীমাংসিত।'

এর আগে বিশ্বকাপ ড্রয়ের আগে কিছু ইরানি ফুটবল কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি। এমনকি কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের পথে একজন কর্মকর্তাকে ফিরিয়েও দেওয়া হয় বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য জানিয়েছেন, ইরানের জাতীয় দলকে বিশ্বকাপে অংশ নিতে দেওয়া হবে। তবে যাদের বিরুদ্ধে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকবে, তাদের প্রবেশাধিকার দেওয়া হবে না।

অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বারবারই বলেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান বিশ্বকাপে খেলবে।

বিশ্বকাপে ইরান ‘গ্রুপ ই’-তে খেলবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। প্রতিপক্ষ হিসেবে থাকবে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর।

এদিকে ফেব্রুয়ারিতে ইরানের দূতাবাস জানিয়েছিল, তারা বিশ্বকাপ ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করছে। তবে ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।