ব্রাজিলে বাস উল্টে নিহত ৮
ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত আটজনের প্রাণ গেছে। গতকাল রোববার রিও ডি জেনিরোর উত্তরে একটি পাহাড়ি অঞ্চলে বাসটি উল্টে গেলে তারা নিহত হন।
স্থানীয় ফায়ার সার্ভিস এক বিবৃতিতে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।
রিও ডি জেনিরো ফায়ার বিভাগ জানিয়েছে, রোববার ভোরে রিও ডি জেনিরোর উত্তরের পাহাড়ি শহর পেট্রোপলিসের কাছে এই দুর্ঘটনা ঘটে।
তারা আরও জানায়, দুর্ঘটনার পর আটকে পড়া যাত্রীদের বের করার জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের মাটি খননের পাশাপাশি ধ্বংসস্তূপ সরানোর কাজ করতে হয়েছিল। সেখানে মোট ৪৯ জন লোক দুর্ঘটনার কবলে পড়েন, যাদের মধ্যে ৮ জন মারা গেছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নয়জন নারী ও এক কন্যাশিশুও রয়েছে।
ব্রাজিলে এমন প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
গত ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব ব্রাজিলে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি বাস রাস্তা থেকে ছিটকে উল্টে যায়, এতে অন্তত ১৬ জন নিহত হন।
গত বছরের অক্টোবরে উত্তর-পূর্ব ব্রাজিলের পারনামবুকোয় একজন চালক বাসের নিয়ন্ত্রণ হারালে ১৭ জন নিহত হন।