অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ, ১৫৩ রানের লিড

স্পোর্টস ডেস্ক

প্রথম দিনের মতো ডারউইনের টেস্টের দ্বিতীয় দিনটিও বাংলাদেশ কাটাল দারুণ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নজরকাড়া হাফসেঞ্চুরির সুবাদে চালকের আসনে রয়েছে তারা। তৃতীয় সেশনের শুরুতে ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া ফেরার বার্তা দিলেও বাকি সময়ে তাদেরকে হতাশ করে আর কোনো বিপদ ঘটতে দেননি মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

শুক্রবার মারারা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রান। আগের দিন স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ায় প্রথম ইনিংসে তাদের লিড এখন ১৫৩ রানের। হাতে রয়েছে আরও ৪ উইকেট।

প্রথম দিনের ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। এদিন খেলা হয়েছে ৮৬ ওভার। টাইগাররা ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ২৫৫ রান। সেখানে মূল ভূমিকা রেখেছেন তানজিদ ও শান্ত। আরও অবদান আছে মুমিনুল হক, মুশফিকুর রহিম ও মিরাজের। শুধু তাই নয়, অসাধারণ বোলিংয়ের পর ব্যাট হাতেও আস্থার পরিচয় দিয়েছেন হাসান মাহমুদ।

শেষ সেশনে নতুন বল নিয়ে শুরুর দিকে অস্ট্রেলিয়ার পেসাররা তোপ দাগেন। দলীয় ১১ রানের মধ্যে আউট হন শান্ত, লিটন দাস ও মুশফিক। তবে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় বাগড়া দিয়েছেন মিরাজ ও হাসান। তাদের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটির রান ১৪৭ বলে ৪৩। মিরাজ ৭৩ বলে ৩২ ও হাসান ৭৬ বলে ১৩ রানে ক্রিজে আছেন।

দিনের শেষ বলে অবশ্য সাজঘরে ফিরতে পারতেন মিরাজ। মারনাস লাবুশেনের বলে গালিতে তার তোলা নিচু ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন ক্যামেরন গ্রিন।