মিনহাসের ঘূর্ণিতে হাজারতম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

রাওয়ালপিন্ডির শুকনো উইকেটে স্পিনের জাদু দেখিয়ে পাকিস্তান পেল স্মরণীয় এক জয়। আর সেই জয়ের কেন্দ্রে ছিলেন এক নবাগত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই পাঁচ উইকেট শিকার করে ইতিহাস গড়লেন আরাফাত মিনহাস। তার দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে অজিদের পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান। যা ছিল দেশটির হাজারতম ওয়ানডে ম্যাচ।

প্রথমবারের মতো পাকিস্তানের কোনো বোলার ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মিনহাস। তিনি ৩২ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ধসিয়ে দেন। তার নেতৃত্বে পাকিস্তানের স্পিনাররা মিলে অস্ট্রেলিয়ার আটটি উইকেট শিকার করেন, ফলে সফরকারীরা ৪৪.১ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ২০০ রানে।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা মন্দ করেনি। ওপেনার ম্যাথিউ শর্ট ৫৫ এবং ম্যাথিউ রেনশ ৬১ রান করে দলের লড়াইয়ের ভিত্তি গড়ার চেষ্টা করেন। তবে পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে তারা শেষ পর্যন্ত টিকতে পারেনি।

৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আবরার, যিনি অ্যালেক্স ক্যারিকে ১৯ রানে ফেরান। এরপর শুরু হয় মিনহাসের ঝড়। নিজের চতুর্থ ওভারে তিনি পরপর জশ ইংলিস ও মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেন। পরের ওভারেই ক্যামেরন গ্রিনকে শূন্য রানে সাজঘরে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে বড় বিপদে ফেলে দেন।

৬৮ রানে ৪ উইকেট হারানোর পর শর্ট ও রেনশ পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু সেই জুটিও ভেঙে দেন মিনহাস। পরে আবরার দ্বিতীয় স্পেলে ফিরে রেনশকে আউট করেন। শেষদিকে নাথান এলিসকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন মিনহাস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা ধাক্কা খায় পাকিস্তান। ৪৯ রানেই ফিরে যান সাহিবজাদা ফারহান ও মাআজ সাদাকাত। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাবর আজম ও গাজি ঘোরি।

তৃতীয় উইকেটে ১২৭ রানের দুর্দান্ত জুটি গড়ে তারা পাকিস্তানকে জয়ের পথে এগিয়ে নেন। বাবর ৯৪ বলে ৬৯ রান করেন, যেখানে ছিল চারটি চার ও একটি ছক্কা। অন্যদিকে গাজি ঘোরি খেলেন ৬৫ রানের চমৎকার ইনিংস, যা সাজানো ছিল আটটি বাউন্ডারিতে।

দুজনই নাথান এলিসের বলে আউট হলেও তখন জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ৪৫ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান। জয়সূচক ছক্কাটিও আসে মিনহাসের ব্যাট থেকে, ফলে দিনটি যেন পুরোপুরি তারই হয়ে ওঠে।

তিন ম্যাচের সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার এবং তৃতীয় ও শেষ ম্যাচ বৃহস্পতিবার মাঠে গড়াবে। পাকিস্তান এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে।