পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডে ফিরলেন বাবর

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে সবচেয়ে বড় খবর হিসেবে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম। একই সঙ্গে ফিরেছেন হারিস রউফ, নাসিম শাহ, শাদাব খান ও সুফিয়ান মুকিমও।

আগামী ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে এই সিরিজ। তিন ম্যাচের এই লড়াই পাকিস্তানের জন্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

দলের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি, আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান আলি আগা। মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজে না থাকা একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে এবার ফিরিয়ে আনা হয়েছে।

ফিরে আসা তারকাদের মধ্যে রয়েছেন হারিস রউফ, নাসিম শাহ এবং শাদাব খান। পাশাপাশি দলে প্রথমবারের মতো ওয়ানডে অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে তিন অনক্যাপড ক্রিকেটার আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস ও রোহাইল নাজিরের।

উইকেটকিপার হিসেবে আছেন ঘাজি ঘোরি ও রোহাইল নাজির। অসুস্থতার কারণে উসমান খান দলে জায়গা পাননি। অন্যদিকে ইনজুরির কারণে পুনর্বাসনে থাকায় ফখর জামান ও সাইম আইয়ুবকে বিবেচনায় নেওয়া হয়নি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরও পারফরম্যান্স ধরে রেখে সালমান আলি আগা, আবদুল সামাদ, আব্রার আহমেদ, মা’আজ সাদাকাত, মুহাম্মদ ঘাজি ঘোরি, সাহিবজাদা ফারহান ও শামাইল হুসাইন দলে জায়গা ধরে রেখেছেন।

অস্ট্রেলিয়ার এই সফর ২০২২ সালের পর পাকিস্তানে তাদের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে চলতি বছরের শুরুতে লাহোরে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মা’আজ সাদাকাত, ঘাজি ঘোরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামাইল হুসাইন, সুফিয়ান মুকিম।