মেজর লিগ ক্রিকেটে প্রথম ভারতীয় অশ্বিন
মার্কিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছেন ভারতীয় স্পিন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য সানফ্রান্সিস্কো ইউনিকর্নের সঙ্গে চুক্তি করেছেন তিনি, যা তাকে বানাচ্ছে এই লিগে অংশ নেওয়া প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
৩৯ বছর বয়সী এই ডানহাতি অফ-স্পিনার ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার পরিকল্পনা থাকলেও হাঁটুর চোটের কারণে তা ভেস্তে যায়। তবে নতুন ঠিকানা হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটকেই বেছে নিয়েছেন অভিজ্ঞ এই তারকা।
ক্লাবের দেওয়া বিবৃতিতে আশ্বিন বলেন, 'মেজর লিগ ক্রিকেট ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা বিশ্বমানের ক্রিকেট আয়োজন করতে পারে। এখানে খেলার সুযোগ পাওয়া এবং সানফ্রান্সিস্কো ইউনিকর্নের অংশ হওয়া, এটা আমি হাতছাড়া করতে পারিনি।'
প্রথম ভারতীয় আন্তর্জাতিক হিসেবে এই লিগে খেলার দায়িত্বটাও তিনি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। আশ্বিনের ভাষায়, 'এটা বড় দায়িত্ব, আর আমি সেটি পুরোপুরি গ্রহণ করছি। আমার লক্ষ্য একটাই, দলকে জেতানো এবং শিরোপার জন্য লড়াই করা।'
টি-টোয়েন্টি ফরম্যাটের এই লিগে ছয়টি দল অংশ নেয়, যেখানে এক মাসব্যাপী সংক্ষিপ্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সানফ্রান্সিস্কো ইউনিকর্নের তাদের অভিযান শুরু করবে ১৯ জুন, এলএ নাইট রাইডার্সের বিপক্ষে গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নেওয়া আশ্বিন ছিলেন ভারতের ২০১১ সালের আইসিসি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। নতুন মঞ্চে এবার তার অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।