‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন দাপট ভাবতে পারেননি ক্রিকেটবিশ্বের অনেকেই। সে তালিকায় আছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দুই দিনেই স্বাগতিকদের চাপে ফেলে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বাংলাদেশকে এবার প্রশংসায় ভাসালেন তিনি। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ঘুরে দাঁড়ানোকে অবিশ্বাস্য বলছেন এই সাবেক স্পিনার।

দুই দলের শক্তির পার্থক্য, অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর বাংলাদেশের টেস্ট খেলা এবং ২০০৩ সালের সফরে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হারের স্মৃতি মিলিয়ে সিরিজ শুরুর আগে বাংলাদেশের জন্য প্রত্যাশাটা খুব বেশি ছিল না। এর সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার এবং একমাত্র প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যাওয়ায় শঙ্কা আরও বেড়েছিল।

কিন্তু মাঠে নেমে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখিয়েছে বাংলাদেশ। প্রথম দুই দিনেই অস্ট্রেলিয়াকে ব্যাট ও বল দুই বিভাগে পেছনে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের এমন রূপান্তরই মুগ্ধ করেছে অশ্বিনকে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা কারও পরিকল্পনাতেই ছিল না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট থেকে প্রথম টেস্টের প্রথম দুই দিনেই আধিপত্য, এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো। এই সংস্করণটা যেন আরও অনেক দিন বেঁচে থাকে।'

প্রথম দিনেই বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে দারুণ শুরু এনে দেন। হাসান মাহমুদ একাই নেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট। তার সঙ্গে ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে কোনো সময়ই স্বস্তিতে থাকতে দেয়নি বাংলাদেশ।

এরপর দ্বিতীয় দিনে ব্যাট হাতেও সেই আধিপত্য ধরে রাখে সফরকারীরা। তানজিদ হাসান অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। তার ১০১ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রান বাংলাদেশকে বড় লিডের পথে নিয়ে যায়।

দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করে বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে ১৫৩ রানের লিড পায় তারা। শেষ বলেও অবশ্য কিছুটা নাটক জমেছিল। ক্যামেরন গ্রিনের হাতে জীবন পাওয়ার পর মেহেদী হাসান মিরাজ ৩২ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে হাসান মাহমুদ অপরাজিত ১৩ রানে। দুজন মিলে সপ্তম উইকেটে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন।