জামালপুরে পৃথক বাসা থেকে ২ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

জামালপুর সদরে পৃথক বাসা থেকে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর ও গতকাল শুক্রবার রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

আজ দুপুরে জামালপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তারের (২৬) মরদেহ উদ্ধার করা হয়। তিনি শ্রীপুরের কুমারিয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে শারমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি নাজমুস সাকিব জানান, শারমিন ওই ভাড়া বাসায় থাকতেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।

এর আগে, গতকাল রাতে জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার আরেকটি ভাড়া বাসা থেকে রিমা আক্তারের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রিমা সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এলাকার শহীদুল্লাহর মেয়ে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন ধরে রিমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। শুক্রবার রাতে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহবশত বাড়ির মালিক ও প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করেন।

ওসি নাজমুস সাকিব বলেন, ‘মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'