জানালা দিয়ে চিৎকার করছিল ২ শিশু, ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ
জামালপুর শহরের একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ফ্ল্যাটের ভেতর থেকে তার দুই শিশুসন্তানকে উদ্ধার করা হয়।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের পাঁচরাস্তা মোড় এলাকার একটি ভবনের পঞ্চম তলার ভাড়া ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহান (৩৪) জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে ইসরাতের দুই সন্তান চিৎকার করছিল। স্থানীয়রা বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ওই ফ্ল্যাটের দরজার তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করেন। এসময় পাশের একটি কক্ষ থেকে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ইসরাতের স্বামী কাওসার আহমেদ শাওন সকাল থেকেই পলাতক। তার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার মালামারি গ্রামে। প্রায় এক মাস ধরে পরিবারটি ওই ফ্ল্যাটে বসবাস করে আসছিল।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।