গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ‘কাইল্যা পলাশ’
রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ (কাইল্যা পলাশ নামে পরিচিত) মারা গেছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পলাশ গতরাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।’
গত শুক্রবার দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে পলাশের ওপর গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাড্ডা এলাকা থেকে ইমাম হোসেন (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর ফেরদৌস (৩০) নামে আরেকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করছে র্যাব।
তিনি জানান, হামলার সময় দুটি মোটরসাইকেলে ছয়জন ছিলেন।
ইবনে মিজান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ‘এখানে একাধিক গ্রুপ ছিল। আধিপত্য নিয়ে বিরোধ ছিল। নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করেও এ ঘটনা ঘটতে পারে বলে শুনেছি, তবে নিশ্চিত নই। তদন্ত চলছে।’
স্থানীয়দের ভাষ্য, কাইল্যা পলাশ কাউন্সিলর নির্বাচন করার আগ্রহ দেখিয়েছিলেন।

