‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় গ্রেপ্তার ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর হাতিরঝিল এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশকে (কাইল্যা পলাশ নামে পরিচিত) গুলির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড্ডা এলাকা থেকে ইমাম হোসেন (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর ফেরদৌস (৩০) নামে আরেকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করছে র‍্যাব।

তিনি জানান, হামলার সময় দুটি মোটরসাইকেলে ছয়জন ছিলেন।

ইবনে মিজান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, ‘এখানে একাধিক গ্রুপ ছিল। আধিপত্য নিয়ে বিরোধ ছিল। নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করেও এ ঘটনা ঘটতে পারে বলে শুনেছি, তবে নিশ্চিত নই। তদন্ত চলছে।’

স্থানীয়দের ভাষ্য, কাইল্যা পলাশ কাউন্সিলর নির্বাচন করার আগ্রহ দেখিয়েছিলেন।

এদিকে পরিবারের সদস্যরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পলাশকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

পলাশের ঘনিষ্ঠজন আল আমিন বলেন, ‘উন্নত চিকিৎসা ও নিরাপত্তার জন্য তাকে এভারকেয়ারে নেওয়া হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন।’

তিনি জানান, পলাশ রামপুরা এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

গত শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে গুলিবিদ্ধ হন পলাশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, পলাশ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। কে বা কারা তাকে গুলি করেছে এবং ঘটনার পেছনের কারণ কী, তা তদন্ত করছে পুলিশ।