রাঙ্গামাটিতে পিকআপ ভ্যান উল্টে নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে একটি পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মানিকছড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নানিয়ারচর উপজেলার কৃষ্ণমা ছড়ার এলাকার মেঘরানী চাকমা (৪৫), একই উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের শোভা চাকমা (৫২), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকায় শান্তনা চাকমা (৩৮) ও বিজয় নগরের শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

আহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)। তারা দুজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়রা জানান, পিকআপ ভ্যানটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছানোর পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে এ পর্যন্ত তিনজনের মরদেহ আনা হয়েছে। দুজন হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। চট্টগ্রাম নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনজনের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।