টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তত চারজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে কালিয়া বাজারের কাছাকাছি আজগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা পিকআপ ভ্যানের চালক, সহকারী ও মুরগী ব্যবসায়ী বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সখিপুর ফায়ার সার্ভিসের অধিনায়ক সোহেল রানা দ্য ডেইলি স্টারকে জানান, একটি বাঁশবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মুরগিবোঝাই পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চারজনের মৃত্যু হয়।

ভোর সোয়া চারটায় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সখিপুর থানার উপ-পরিদর্শক মো. লিটন জানান, মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।