গ্রুপ প্রজেক্টে জটিলতা এড়াতে কী করবেন?
বিশ্ববিদ্যালয় বা কলেজজীবনে গ্রুপ প্রজেক্ট করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হননি কিংবা এ নিয়ে তিক্ত অভিজ্ঞতা নেই—এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন। প্রেজেন্টেশন বা গবেষণায় প্রায়ই একসঙ্গে কয়েকজন মিলে কাজ করার প্রয়োজন হয়। কিন্তু গ্রুপ প্রজেক্টের নাম শুনলেই মাথায় একটি শব্দই যেন ঘুরেফিরে আসে—ঝামেলা! কেউ সময়মতো কাজ করেন না, কেউ হঠাৎ উধাও হয়ে যান, আবার কেউ শেষ মুহূর্তে সব দায়িত্ব অন্যদের ওপর ছেড়ে দেন। কেউ কেউ আবার সব সিদ্ধান্ত নিজে নিতে চান বা অন্যদের কাজেই শুধু ভুল খুঁজে বেড়ান। ফলে কাজের চেয়ে সমন্বয় করতেই বেশি শক্তি খরচ হয়।
কিছু বিষয় শুরু থেকেই মাথায় রাখলে এসব জটিলতা অনেকটাই কমানো সম্ভব।
শুরুতেই দায়িত্ব ভাগ করে নিন
‘যা লাগে সবাই মিলে করে ফেলব’ ধরনের পরিকল্পনা সাধারণত ভালো ফল দেয় না। কে তথ্য সংগ্রহ করবে, কে লিখবে, কে স্লাইড তৈরি করবে, কে উপস্থাপনা করবে—এসব বিষয় শুরুতেই ঠিক করে নেওয়া ভালো। দায়িত্ব স্পষ্ট থাকলে পরে ভুল বোঝাবুঝির সুযোগ কমে।
শুধু মুখে নয়, লিখেও রাখুন
গ্রুপ মিটিংয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কয়েক দিন পর কে কী করবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ বা শেয়ারড ডকুমেন্টে দায়িত্বগুলো লিখে রাখা ভালো। এতে সবাই একই তথ্য দেখতে পারে।
শেষ সপ্তাহের জন্য অপেক্ষা করবেন না
গ্রুপ প্রজেক্টের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো সবাই ধরে নেয় এখনো অনেক সময় আছে। এরপর দেখা যায় জমা দেওয়ার তিন দিন আগে কাজই শুরু হয়নি। তাই বড় কাজকে কয়েকটি ছোট ধাপে ভাগ করে সময় নির্ধারণ করুন। এতে চাপও কমবে, ভুলও কম হবে।
নিয়মিত খোঁজ রাখুন
একবার দায়িত্ব ভাগ করে দিলেই কাজ শেষ হয়ে যায় না। মাঝেমধ্যে একে অন্যের অগ্রগতি সম্পর্কে জানতে হবে। কেউ সমস্যায় পড়েছে কি না, কোনো অংশে সাহায্য দরকার কি না এসব বিষয় আগে জানা গেলে শেষ মুহূর্তের বিপত্তি এড়ানো সহজ হয়।
গ্রুপ চ্যাট নীরব থাকলে সতর্ক হোন
প্রজেক্টের ডেডলাইন কাছে চলে আসছে, অথচ গ্রুপে কোনো আলোচনা নেই—এটি ভালো লক্ষণ নয়। সবাই কাজ করছে ধরে নেওয়ার বদলে নিশ্চিত হওয়ার চেষ্টা করুন। প্রয়োজন হলে ছোট একটি অনলাইন মিটিংও করা যেতে পারে।
সবার শক্তির জায়গা বুঝে কাজ দিন
সবাই একই বিষয়ে দক্ষ নন। কেউ লেখালেখিতে ভালো, কেউ তথ্য খুঁজতে দক্ষ, কেউ আবার ডিজাইন বা উপস্থাপনায় স্বচ্ছন্দ। দক্ষতার সঙ্গে মিলিয়ে দায়িত্ব ভাগ করলে কাজের মানও ভালো হয়, সময়ও বাঁচে।
সমস্যা খোঁজা বা নিয়ন্ত্রণ করার প্রবণতা সামলাতে
প্রায় প্রতিটি গ্রুপেই এমন একজন থাকেন, যিনি সব সিদ্ধান্তে আপত্তি তোলেন, অন্যদের কাজ পছন্দ করেন না বা পুরো প্রজেক্ট নিজের মতো করে চালাতে চান। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত তর্কে না গিয়ে শুরুতেই কাজের পরিকল্পনা, সময়সীমা ও দায়িত্বগুলো সবার সম্মতিতে ঠিক করে নেওয়া ভালো। কোনো বিষয়ে মতভেদ হলে ব্যক্তিগত পছন্দের বদলে প্রজেক্টের প্রয়োজনকে গুরুত্ব দিন। এতে আলোচনা আবেগের জায়গা থেকে সরে এসে কাজের জায়গায় থাকে।
সমস্যা হলে দ্রুত কথা বলুন
কোনো সদস্য কাজ করছেন না বা বারবার সময়সীমা মিস করছেন—এমন হলে শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে বিষয়টি নিয়ে কথা বলা ভালো। সরাসরি কিন্তু ভদ্রভাবে সমস্যাটি তুলে ধরলে অনেক ক্ষেত্রেই সমাধান পাওয়া যায়।
সব কাজ একজনের কাঁধে তুলবেন না
প্রায় প্রতিটি গ্রুপেই এমন একজন থাকেন, যিনি শেষ পর্যন্ত পুরো প্রজেক্ট নিজের কাঁধে তুলে নেন। এতে হয়তো কাজ শেষ হয়, কিন্তু ক্ষোভও তৈরি হয়। শুরু থেকেই কাজ ভাগাভাগির সংস্কৃতি তৈরি করা জরুরি।
জমা দেওয়ার আগে একসঙ্গে পর্যালোচনা করুন
প্রজেক্টের বিভিন্ন অংশ আলাদা আলাদা মানুষ লিখলে ভাষা, তথ্য বা উপস্থাপনায় অসামঞ্জস্য থাকতে পারে। জমা দেওয়ার আগে পুরো কাজ একবার সবাই মিলে দেখে নেওয়া ভালো। এতে ভুল ধরা পড়ার সুযোগ বাড়ে।
বিকল্প পরিকল্পনা রাখুন
কখনো কোনো সদস্য অসুস্থ হতে পারেন, ব্যস্ত হয়ে যেতে পারেন বা সময়মতো কাজ শেষ করতে নাও পারেন। তাই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অন্তত আরেকজনের বিষয়টি সম্পর্কে ধারণা রাখা উচিত। এতে হঠাৎ সমস্যা হলেও পুরো প্রজেক্ট আটকে যাবে না।
গ্রুপ প্রজেক্টের লক্ষ্য শুধু একটি অ্যাসাইনমেন্ট জমা দেওয়া নয়। এটি অন্যদের সঙ্গে কাজ করা, দায়িত্ব ভাগাভাগি করা এবং মতের পার্থক্য সামলানোরও একটি অভিজ্ঞতা। পরিকল্পনা, যোগাযোগ এবং পারস্পরিক সম্মান থাকলে গ্রুপ প্রজেক্টের জটিলতা অনেকটাই কমানো সম্ভব।



