ঈদের ব্যস্ততার মধ্যেও সারাদিন সতেজ থাকবেন যেভাবে

ফারহানা ফাইজা

ঈদের দিন মানেই সকাল থেকে রাত অবধি হুলুস্থুল ব্যস্ততা। আনন্দে ভরা এই বিশেষ দিনটিতে সারাদিন আপনার মেকআপ একদম ঠিকঠাক রাখতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

বরং এমনভাবে পরিকল্পনা করুন যেন আপনার সাজ সকালের স্নিগ্ধতা থেকে ধাপে ধাপে রাতের উৎসবমুখর সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারে।

সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে সময়ের সঙ্গে মেকআপ মানিয়ে নিতে পারেন তার কিছু টিপস দেওয়া হলো এ লেখায়।

সকাল: স্নিগ্ধ, হালকা ও উজ্জ্বল সাজ

ঈদের সকাল সাধারণত খুব ভোরে শুরু হয়। আবার আগের রাতে থাকে শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততাও। তাই সকালের মেকআপের মূল লক্ষ্য হলো ভারী ভাব এড়িয়ে নিজেকে সতেজ ও প্রাণবন্ত দেখানো।

তাই সকালে মেকআপ শুরুর আগে ত্বক ভালোভাবে তৈরি করে নিন। ভালো ময়েশ্চারাইজার এবং হালকা প্রাইমার আপনার মেকআপ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। ভারী ফাউন্ডেশনের বদলে স্কিন টিন্ট, বিবি ক্রিম বা হালকা ফাউন্ডেশন ব্যবহার করুন, যা ত্বককে ভারী না করেই মসৃণ দেখাবে।

ছবি: সাজ্জাদ ইবনে সাঈদ

চোখের সাজ স্বাভাবিক রাখুন। নিউট্রাল রঙের আইশ্যাডো বেছে নিন, সঙ্গে চিকন করে দেওয়া আইলাইনার এবং এক কোট মাসকারাই চোখকে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট।

পিচ বা হালকা গোলাপি ব্লাশ মুখে উজ্জ্বল আভা যোগ করবে।

সবশেষে টিন্টেড লিপবাম বা ন্যুড লিপস্টিকে আপনার সাজ হবে স্নিগ্ধ ও সহজ।

মনে রাখবেন, সকালের সাজ এমন হওয়া উচিত যা পারিবারিক ছবি এবং প্রথম দফার শুভেচ্ছা বিনিময়ের সময় আপনাকে স্বস্তিতে রাখবে।

দুপুর: ফিরিয়ে আনুন সতেজতা

ঈদের দিন দুপুর নাগাদ ভারী খাওয়া-দাওয়া এবং কয়েক জায়গায় ঘোরাঘুরি শেষ হয়ে যায়। এরপর মেকআপ কিছুটা হালকা হয়ে যেতে পারে। নতুন করে প্রসাধনী না মেখে শুধু ছোটখাটো টাচ-আপের দিকে নজর দিন।

ছবি: সাজ্জাদ ইবনে সাঈদ

ব্লটিং পেপার ব্যবহার করে মেকআপ নষ্ট না করেই অতিরিক্ত তেল মুছে ফেলুন। প্রয়োজনে পুরো মুখে পাউডার না মেখে শুধু টি-জোনে (কপাল ও নাক) সামান্য কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন।

গালে সামান্য ব্লাশ বা হালকা হাইলাইটার ব্যবহার করে লুকটি উজ্জ্বল করতে পারেন। আগের লিপস্টিক মুছে এক শেড গাঢ় বা উজ্জ্বল কোনো শেড লাগালে সঙ্গে সঙ্গেই মুখ সতেজ দেখাবে।

দুপুরে নতুন করে মেকআপ না করে আগের সাজটিকেই করুন প্রাণবন্ত।

সন্ধ্যা: সময় গ্ল্যামারাস হওয়ার

সন্ধ্যা বা রাতের ঈদের দাওয়াত মানেই একটু উৎসবমুখর সাজ। এক্ষেত্রে ব্যস্ত দিনে নতুন করে মেকআপ করার প্রয়োজন নেই। বরং সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমেই আপনি দিনের সাজকে রাতের গ্ল্যামারাস লুকে বদলে নিতে পারেন।

শুরুতেই চোখের বাইরের কোণে বা ল্যাশ লাইনে গাঢ় রঙের শ্যাডো লাগান। চোখের পাতায় সামান্য শিমার বা গ্লিটার ব্যবহার করলে উৎসব উৎসব ভাব আসবে।

সন্ধ্যার সাজের জন্য লাল, বেরি বা গাঢ় গোলাপি শেডের লিপস্টিক বেছে নিন। আপনার পোশাক যদি জমকালো হয়, তবে একটু গাঢ় কন্টুরিং বা হাইলাইটার পুরো সাজের মধ্যে ভারসাম্য আনবে।

যা করবেন, যা করবেন না

সারাদিন মেকআপ সতেজ রাখতে এই ছোট টিপসগুলো মেনে চলুন।

মেকআপের আগে ত্বক ভালোভাবে প্রস্তুত করে নিন। অর্থাৎ ভালোভাবে পরিষ্কার করে, ময়েশ্চারাইজ করুন। ধরন বুঝে সিরামও লাগিয়ে নিতে পারেন।

সাজের জন্য এমন পণ্য বেছে নিন যা হালকা কিন্তু দীর্ঘস্থায়ী। বাড়ি থেকে বের হলে সঙ্গে একটি ছোট টাচ-আপ কিট রাখুন যেখানে থাকতে পারে ব্লটিং পেপার, লিপস্টিক ও কমপ্যাক্ট পাউডার।

সকালের সাজের জন্য কখনোই ভারী ফাউন্ডেশন ব্যবহার করবেন না। দিনের বেলা অতিরিক্ত পাউডারও মাখবেন না।

আর অবশ্যই ত্বকের যত্নে অবহেলা করবেন না। মনে রাখবেন, স্বাস্থ্যোজ্জ্বল ত্বকই সুন্দর।

অনুবাদ করেছেন জ্যোতি রশীদ