আর্দ্র আবহাওয়ায় দীর্ঘ সময় মেকআপ ঠিক রাখতে যা করবেন

রাইদাহ হাসান

দীর্ঘস্থায়ী মেকআপের সবচেয়ে বড় শত্রু হলো আর্দ্রতা। প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যেও মেকআপ একদম ঠিকঠাক রাখা একটি বড় চ্যালেঞ্জ।

তবে কিছু টিপস এবং কৌশল মেনে চললে তপ্ত দিনেও আপনার মেকআপ দীর্ঘক্ষণ টিকে থাকবে।

ত্বকের প্রস্তুতি

চেকলিস্টের প্রথমেই রয়েছে মেকআপ পণ্য ব্যবহারের আগে ত্বকের যত্ন বা স্কিনকেয়ার সঠিকভাবে নিশ্চিত করা। এক্ষেত্রে আপনার ত্বককে ছবি আঁকার ক্যানভাসের মতো ভাবুন। কেননা ক্যানভাসটি যদি পরিষ্কার এবং মসৃণ না হয় তাহলে শুরুতেই শিল্পকর্মটি হোঁচট খাবে।

মেকআপের আগে স্কিনকেয়ারও ঠিক সেরকম। পরিষ্কার ও হাইড্রেটেড মুখে মেকআপ শুরু করা উচিত। কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার করতে গিয়ে কোনোভাবেই যেন ত্বকে জ্বালাপোড়া না হয়। হাইড্রেশন বা ত্বকের আর্দ্রতা অত্যাবশ্যক। কারণ শুষ্ক ত্বক পরবর্তীতে নিজে থেকেই তেল উৎপন্ন করতে পারে। যার ফলে মেকআপ সেট হওয়া কঠিন হয়ে পড়ে।

মেকআপ শুরুর আগে মুখে কিছু বরফের টুকরো বা হিমায়িত শসা ঘষে নেওয়া যেতে পারে। এটিও ত্বকের জন্য বেশ উপকারী।

মেকআপের স্তরবিন্যাস

আর্দ্র কিংবা তপ্ত দিনগুলোতে ভালো মেকআপ লুক পেতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারী মেকআপ এড়িয়ে চলা। ত্বকের ওপর বিশেষ করে টি-জোন অর্থাৎ কপাল ও নাকে একাধিক মেকআপ পণ্যের স্তর তৈরি করলে ঘাম বেশি হয়।

তেল-ভিত্তিক ফর্মুলা এবং ভারী পণ্যগুলোর পরিবর্তে হালকা ফর্মুলা ব্যবহার করা উচিত, যা সহজে ত্বকের সঙ্গে মিশে যায়। যেহেতু গরমের কারণে প্রাকৃতিকভাবে ঘাম বেড়ে যায়, তাই মেকআপ পণ্য ব্যবহারের আগে খেয়াল রাখা উচিত সেগুলো যেন হালকা হয়, মেকআপ লুকটাও সাধারণ থাকে।

MakeUp
ফটো কার্টেসি: নেরিসা নাসহিন

ওয়াটারপ্রুফ

গ্রীষ্মকালে সারাদিন মেকআপ ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো ঘামে মেকআপ সরে বা নষ্ট হয়ে যাওয়া। আর এর সমাধানে আছে ওয়াটারপ্রুফ পণ্য।

এসব পণ্যের ফর্মুলা কেবল পানির কারণেই মেকআপ নষ্ট হওয়া রোধ করে না, বরং ঘামের কারণেও যেন মেকআপে কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করে।

যদিও এই ক্যাটাগরির খুব বেশি পণ্য পাওয় যায় না। তারপরেও খুঁজলে অনেক বিকল্প পাওয়া যাবে। কারণ এখন অনেক মেকআপ ব্র্যান্ডই এই ফর্মুলা নিয়ে কাজ করছে।

ফিনিশিং টাচ

সুন্দর মেকআপ লুকের সবশেষ ধাপটি হলো সেটিং স্প্রে বা সেটিং পাউডার ব্যবহার। এর মাধ্যমে মেকআপটি যথাস্থানে দীর্ঘসময় টিকে থাকে। মেকআপ বিশেষজ্ঞরা বলেন, গরমের দিনে এই ধাপটি বাদ দেওয়া একদমই উচিত নয়।

MakeUp
ছবি: সাজ্জাদ ইবনে সাঈদ/স্টার

ব্লটিং ম্যাজিক

সাধারণত মুখ ঘামলে আমরা টিস্যু বা রুমাল দিয়ে মুছে ফেলি। কিন্তু মেকআপ করার পর টিস্যু ব্যবহার করলে সাজ নষ্ট হতে পারে।

এক্ষেত্রে সাধারণ টিস্যু বা কাপড়ের পরিবর্তে ব্লটিং পেপার ব্যবহার করা যেতে পারে। এটি এমন উপাদান দিয়ে তৈরি যা মেকআপ না তুলে কেবল তেল বা পানি শুষে নেয়। ফলে মেকআপ থাকে অটুট। আবার ব্লটিং পেপার বাজারে বেশ সহজলভ্যও।

হাতের কাছে ব্লটিং পেপার না পাওয়া গেলে বিকল্প হিসেবে কিচেন টাওয়াল ব্যবহার করা যেতে পারে। এটি সাধারণ টিস্যুর চেয়ে পুরু হলেও তেল-ঘাম মুছতে বেশ কার্যকর।

আমাদের মতো উপ-ক্রান্তীয় দেশে বসবাস করার অর্থ হলো নিয়মিত তপ্ত গরমের দিন মোকাবিলা করা। এর মধ্যে যেসব দিন হয় ভ্যাপসা বা আর্দ্র আবহাওয়ার, সেসব দিনে ত্বকে স্বাভাবিকের চেয়ে বেশি অস্বস্তি এবং জ্বালাপোড়া হয়। এর মধ্যেই মেকআপ লুক বজায় রাখতে সামান্য কিছু বিউটি ট্রিকস ব্যবহার করলেই সহজে সমস্যার সমাধান হতে পারে।

অনুবাদ করেছেন জ্যোতি রশীদ