চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতাল পাবে আধুনিক ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী
চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক ল্যাবরেটরি স্থাপনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটেরিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বছরের মধ্যেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। ল্যাব স্থাপনে চলতি মাসেই প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করা হবে।
তিনি আরও বলেন, ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে বিভিন্ন জেলায় অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যা, জেলা হাসপাতালে ১০ শয্যা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখন থেকে মিডওয়াইফ (ধাত্রী) ও কেয়ারগিভাররা বিশেষ স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন, বলেও জানান তিনি।
দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী, এটিকে উদ্বেগজনক উল্লেখ করে সাখাওয়াত বলেন, এই হারকে একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার দেশব্যাপী জন্ম নিয়ন্ত্রণ অভিযান শুরু করবে। গ্রামীণ পর্যায়ে এক সময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সহজলভ্যতা ছিল, সেটি আবার ফিরিয়ে আনা হবে।