স্বাস্থ্যখাতে দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা নরসিংদী

স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শনিবার দুপুরে নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানে বদলি নয়—চাকরিচ্যুত করা হবে। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষের বাণিজ্য বন্ধ করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।'

তিনি বলেন, 'দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।'

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে চলতি বছরই একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চাই। এ লক্ষ্যে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যেন জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পায় এবং বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।'

তিনি বলেন, এবারের বাজেট একটি আদর্শভিত্তিক বাজেট এবং এর প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।