স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কিনবে বাংলাদেশ

স্টার বিজনেস রিপোর্ট

খোলাবাজার, অর্থাৎ স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ সোমবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আগামী ২৩ থেকে ২৪ আগস্ট প্রথম কার্গোটি বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলারে কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ টাকা।

এ ছাড়া একই সরবরাহকারীর কাছ থেকে আরও একটি এলএনজি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দ্বিতীয় কার্গোটি ৪ থেকে ৫ সেপ্টেম্বর সরবরাহ করা হবে। এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। এতে মোট খরচ হবে ৯২৩ কোটি ২৬ লাখ টাকা।