লোডশেডিংয়ের প্রতিবাদে সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
সিরাজগঞ্জের রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে প্রায় ১ ঘণ্টা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেছে এলাকাবাসী।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানগড়ায় সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ভুঁইয়াগাতি জোনাল অফিসের সামনে অবস্থান নেয় স্থানীয়রা। পরে কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
জোনাল অফিসের প্রধান ও পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিজামুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার এলাকায় বিদ্যুৎ থাকলেও ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে লোডশেডিং চরমে পৌঁছেছে। এতে তাঁতশিল্প সমৃদ্ধ লক্ষ্মীকোলা গ্রামের তাঁতকল মালিক ও শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সেইসঙ্গে স্কুলশিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।
বিক্ষোভে অংশ নেওয়া তাঁতকল মালিকরা জানান, লোডশেডিংয়ের কারণে প্রায় ২০ ঘণ্টা কাজ বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ডিজিএম নিজামুল বলেন, 'লোডশেডিং হচ্ছে না। সংযোগ লাইনে সমস্যার কারণে এখানে বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। প্রতিদিন ২৬ মেগাওয়াট চাহিদা থাকলেও ২২ থেকে ২৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।'
তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি তুলে ধরে গ্রাহকদের আশ্বস্ত করা হয়, পরে তারা অফিস এলাকা ত্যাগ করেন।’