কনকচাঁপার কণ্ঠে সিনেমার আলোচিত ১০ গান

জাহিদ আকবর
জাহিদ আকবর

বাংলা সিনেমার গানে রুমানা মোর্শেদ কনকচাঁপা এক অনন্য নাম। তার কণ্ঠে প্রেম, বিরহ, আনন্দ কিংবা অভিমান—সব আবেগই যেন পেয়েছে আলাদা মাত্রা। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য সিনেমায় প্লেব্যাক করেছেন কনকচাঁপা। উপহার দিয়েছেন বহু জনপ্রিয় গান। সময়ের সঙ্গে সিনেমার গানের ধরন ও শ্রোতার রুচি বদলালেও তার কণ্ঠে গাওয়া অনেক গান এখনো নস্টালজিয়ায় ফিরিয়ে নেয় শ্রোতাদের।

আজ ১১ সেপ্টেম্বর গুণী এই শিল্পীর জন্মদিন। জন্মদিনে তার কণ্ঠে আলোচিত ১০টি সিনেমার গানের কথা জেনে নিন।

তুমি আমার এমনই একজন

শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার গান ‘তুমি আমার এমনই একজন’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কনকচাঁপার আবেগময় পরিবেশনা গানটিকে শ্রোতাদের কাছে স্মরণীয় করে রেখেছে।

সাথী তুমি আমার জীবনে

সালমান শাহ ও শাবনূর অভিনীত এম এম সরকার পরিচালিত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমার গান ‘সাথী তুমি আমার জীবনে’। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরের এই গানে কনকচাঁপার সঙ্গে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু।

তোমাকে চাই শুধু তোমাকে চাই

মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ সিনেমার জনপ্রিয় গান ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’। সালমান শাহ ও শাবনূর অভিনীত সিনেমাটির এই গানে কনকচাঁপার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার

‘তোমাকে চাই’ সিনেমার আরেকটি পরিচিত গান ‘আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার’। এন্ড্রু কিশোর ও কনকচাঁপার দ্বৈত কণ্ঠে গাওয়া গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

যে প্রেম স্বর্গ থেকে এসে

রিয়াজ ও রাভিনা অভিনীত মোহাম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমার গান ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’। কনকচাঁপার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু। গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

অনন্ত প্রেম তুমি দাও আমাকে

মান্না ও মৌসুমী অভিনীত কাজী হায়াত পরিচালিত ‘লুটতরাজ’ সিনেমার গান ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’। কনকচাঁপার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

অনেক সাধনার পরে

রিয়াজ ও শাবনূর অভিনীত ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার গান ‘অনেক সাধনার পরে’। মোহাম্মদ হান্নান পরিচালিত সিনেমাটির এই গানে কনকচাঁপার সঙ্গে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু। কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

আমার প্রেমের তাজমহল

গাজী মাহবুব পরিচালিত রিয়াজ ও শাবনূর অভিনীত ‘প্রেমের তাজমহল’ সিনেমার গান ‘আমার প্রেমের তাজমহল’। কনকচাঁপার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মনির খান। গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

তোমায় দেখলে মনে হয় হাজার বছর

শাকিল খান ও শাবনূর অভিনীত মতিন রহমান পরিচালিত ‘বিয়ের ফুল’ সিনেমার গান ‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর’। এন্ড্রু কিশোর ও কনকচাঁপার দ্বৈত কণ্ঠের গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা

রিয়াজ ও পপি অভিনীত মোহাম্মদ হান্নান পরিচালিত ‘বিদ্রোহ চারিদিকে’ সিনেমার গান ‘জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা’। এন্ড্রু কিশোর ও কনকচাঁপার কণ্ঠে গানটির কথা ও সুর দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

কনকচাঁপার গাওয়া সিনেমার গানগুলো কেবল জনপ্রিয় গান নয়, বাংলা সিনেমার একটি সময়ের স্মৃতিও। তার কণ্ঠে গাওয়া গান শুনলে ফিরে আসে সেই সময়ের সিনেমা, তারকা ও পর্দার নানা মুহূর্ত।